ব্রাজিলের 'হেক্সা' জোয়ারের সামনে ক্রোয়েশিয়া
ব্রাজিল-ক্রোয়েশিয়া লড়াই; কাগজপত্রে ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এ ম্যাচ কী শুধুই তাই, নাকি রেফারি বাঁশিতে ফুঁ দেয়া মাত্রই শুরু হবে ব্রাজিলের দু:খ ভোলার অভিযান? ব্রাজিলের এক ফুটবল রাজকুমারের স্বপ্নের পথচলার শুরুও এটা।
১৯৫০ সালে নিজেদের দেশে শেষ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের স্বপ্নের সমাধি হয়েছিল। এরপর পাঁচ-পাঁচটি বিশ্বকাপ শিরোপা জিতলেও ৬৪ বছর পর হৃদয় খুড়ে সেই বেদনা আবার জাগিয়ে তুলেছে ব্রাজিলের মানুষ। প্রায় সাড়ে ছয় দশক পর নিজেদের দেশে ফেরা বিশ্বকাপে মারাকানার দু:খ ভোলার সবচেয়ে বড় প্রেরণা তো সেই বেদনাই।
ব্রাজিলের দু:খ ভোলার এই অভিযান আর নেইমারের বিশ্বকাপ পথচলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
ব্রাজিলের অভিযানের শুরু আর নেইমারের অভিষেক, এক সুতোয় মিলে যাওয়া এই দুই উপলক্ষ ব্রাজিলের মানুষকে আনন্দে ভাসাতে পারবে তো?
ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ হুমকি দিয়ে রেখেছেন, ব্রাজিলের সাম্বার ছন্দে এবার শুরুতেই ধাক্কা দিতে প্রস্তুত তার দল। নেইমারের ঝলকে ভয় নেই তার দলের।
ব্রাজিলকে থামানোর একটা উপায় নাকি কোভাচ খুঁজে বের করেছেন; তবে সেটা অতি রক্ষণাত্মক মানসিকতা নয়।
আক্রমণাত্মক ফুটবল খেলার অস্ত্র কোভাচের হাতে আছেও। নিষেধাজ্ঞার কারণে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মারিও মানজুকিচ না থাকলেও আছেন এদুয়ার্দো দা সিলভার মতো চৌকস খেলোয়াড়। আর সবাইকে সমন্বিত করতে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদরিচ তো আছেনই।
এদের ওপর নির্ভর করে ব্রাজিল বিশ্বকাপের শুরুতেই অঘটন উপহার দেয়ার হুমকি দিতে পারেন কোভাচ, কিন্তু ইতিহাস আর পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে না।
আগের ১৯টি বিশ্বকাপের ২০ স্বাগতিকের কেউই এখন পর্যন্ত উদ্বোধনী ম্যাচে হারেনি। ২০টি ম্যাচের ১৪টিতেই স্বাগতিকরা জিতেছে, ড্র হয়েছে বাকি ৬ ম্যাচ।
এ ছাড়া ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্সও অসাধারণ, সবশেষ ৯ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। দলের সবচেয়ে বড় তারকা নেইমার এই ৯ ম্যাচে পেয়েছেন ৭ গোল।
আর নেইমার তো বলেই দিয়েছেন, এই বিশ্বকাপের প্রতি ম্যাচেই বাড়তি একজন খেলোয়াড় পাবে ব্রাজিল। নেইমারের সেই বাড়তি খেলোয়াড় ঘরের মাঠের দর্শক। আর এই খেলোয়াড়ই সেরা খেলাটা খেলবে বলে বিশ্বাস ব্রাজিলের স্বপ্ন-সারথির।
