২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের ম্যাচের জন্য 'ফিট' নয়ার

পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে দারুণ এক সুখবর পেল জার্মানি। চোট থেকে সেরে উঠেছেন দলের নিয়মিত গোলরক্ষক মানুয়েল নয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 12:24 AM

Updated : 13 Oct 2022, 12:13 PM

'জি' গ্রুপের প্রথম ম্যাচে সোমবার মুখোমুখি হবে দল দুটি।

বুধবার বায়ার্ন মিউনিখের নয়ারকে পর্তুগাল ম্যাচে খেলার সবুজ সঙ্কেত দিয়েছেন তিনবারের চ্যাম্পিয়নদের গোলরক্ষক কোচ আন্দ্রেয়াস কোপকে।

গতমাসে জার্মান কাপের ফাইনালের পর থেকে কাঁধের চোটের কারণে পূর্ণ অনুশীলন করতে পারেননি নয়ার। তবে বুধবার থেকে পূর্ণ অনুশীলন করবেন তিনি। তার আগেই এক সংবাদ সম্মেলনে কোপকে জানান, খেলার জন্য সম্পূর্ণ 'ফিট' হয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক।

মঙ্গলবার চোট কাটিয়ে প্রস্তুতি ম্যাচে খেলেছেন জার্মানির প্রথম প্রতিপক্ষের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। এবার নয়ার ফেরায় উজ্জীবিত হতে পারেন জার্মানির কোচ ইওয়াখিম লোও।

"মানুয়েল আজ (বুধবার) পূর্ণ অনুশীলন করবেন, তখন তিনি কাঁধের অবস্থা অনুভব করতে পারবেন। তার জন্য সবকিছু ঠিকভাবে হচ্ছে। মানুয়েল যথেষ্ট অভিজ্ঞ আর আমরা তার কাঁধের অবস্থা নিয়ে নিয়মিত আলোচনা করছি। মানুয়েল এখন সম্পূর্ণ ফিট।"

ক্যামেরুন ও আর্মেনিয়ার বিপক্ষে শেষ দুটি প্রীতি ম্যাচে গোলরক্ষকের দায়িত্বে ছিলেন রোমান ভাইডেনফেলার। বরুসিয়া ডর্টমুন্ড গোলরক্ষকও অনুপ্রাণিত করেছেন নয়ারকে।

কোপকে বলেন, "আমাদের দলীয় চেতনা অসাধারণ। রোমান নিজেই নয়ারকে বলেছেন, কোনো সন্দেহ নেই তিনিই দলের সেরা গোলরক্ষক। প্রত্যেকে একে অপরকে চমৎকার পারফরম্যান্স দিয়ে এগিয়ে নিচ্ছেন।"