জার্মানি: সৌন্দর্য আনবে সাফল্য?
এখনকার জার্মানি দল হিসেবে যতটুকু জার্মান, এর চেয়ে ঢের বেশি ব্রাজিলিয়ান! এমন প্রশংসায় আকাশে ওড়ার কথা পৃথিবীর প্রায় সব দেশের। বিশেষত ইউরোপিয়ান দেশগুলোর জন্য এটি তো তাদের ফুটবল-সৌন্দর্যের চূড়ান্ত সনদ! কিন্তু বিশ্লেষকদের এই বিশ্লেষণে খুশি হবে কিনা, সেটি ঠিক বুঝতে পারছে না জার্মানি। খেলায় কাট-খোট্টা রুক্ষতার বদলে সৃজনশীল সৌন্দর্য এলে কী হবে, চূড়ান্ত সাফল্য যে তাতে আসছে না!
বরং যদি আগের জার্মানি থাকত, তাহলে গত কয়েকটি টুর্নামেন্টের মধ্যে এক, এমনকি একাধিক টুর্নামেন্টেও তারা চ্যাম্পিয়ন হত- এমন বিশ্বাস করা লোকের অভাব নেই। আর ব্রাজিল বিশ্বকাপ জার্মানি যদি জিততে না পারে, তাহলে সেই দলে চলে যাবে বেশিরভাগ লোক। বিশ্লেষক, পন্ডিত, ফুটবলকর্তা, সমর্থক- সবাই। তাতে হবে কী, জার্মানির ফুটবল আবার হয়ে যাবে ‘জার্মান ফুটবল’। কাট-খোট্টা, রুক্ষ! ফলপিপাসী, নির্দয়!
ধ্রুপদী জার্মান ফুটবল মানে কাঙ্খিত ফল বের করে আনায় দক্ষ এক দল সৈনিক। যাদের কাছে ফুটবলের সৌন্দর্য অর্থহীন। ব্রাজিল-আর্জেন্টিনার মতো লাতিন আমেরিকানরা পাসে পাসে কিংবা ড্রিবলিংয়ে অথবা আক্রমণ তৈরিতে খোঁজে সৌন্দর্য। জার্মানদের সৌন্দর্য ওসব কিছুতে না, কেবলই জয়ে। তা সেটি মেরে-কেটে হোক কিংবা নেতিবাচক ফুটবল খেলে হোক- তাতে কিচ্ছু যায়-আসে না। এ কারণেই গড়পড়তা দল নিয়েও তাদের সাফল্য চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ২০০২ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল গড়পড়তা এক জার্মান দল।
লোর হাতে রয়েছে অবিশ্বাস্য প্রতিভাবান এক দল ফুটবলার। গোলবারের নীচে মানুয়েল নয়ার বিশ্বসেরা দু-তিনজনের মধ্যে। রক্ষণভাগ কিছুটা নড়বড়ে। সেটি পুষিয়ে দিতে মাঝমাঠ ও আক্রমণভাগে প্রতিভাবান সব ফুটবলার। ৪-২-৩-১ ফর্মেশনে মাঝমাঠে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, স্যামি খেদিরা, সামনে মেসুত ওজিল, টমাস মুলার, আন্দ্রে শুর্লে আর ফরোয়ার্ড হিসেবে মিরোস্লাভ ক্লোসা কিংবা ‘ফলস নাম্বার নাইন’ হিসেবে মারিও গোটজে। এক গোল খেলে দুই গোল দেওয়ার মতো আক্রমণভাগ।
ব্রাজিল বিশ্বকাপে প্রথম ম্যাচেই তাদের খেলতে হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে। গ্রুপের অন্য দুই দল ঘানা ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে পরের দলটির কোচ আবার জার্মান ফুটবলের কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমান। জার্মানদের শক্তি-দুর্বলতা তাদের জানা বলে লোর দলের জন্য জেতা সহজ হবে না। তবে সব মিলিয়ে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়া খুব কঠিনও হবে না জার্মানির জন্য।
এবার ‘প্রজন্ম ২০১৪’ যদি সেটি এনে দিতে না পারে, তাহলে নিশ্চিতভাবে খোলনলচে পাল্টে যাবে জার্মানির। শিখরে ফেরার জন্য আবার শেকড়ে ফিরে যাবে তারা। ‘সুন্দর ফুটবল’ ছেড়ে আঁকড়ে ধরবে ‘জার্মান ফুটবল।’
লো ও তার শিষ্যদের জন্য ব্রাজিল বিশ্বকাপ তাই অগ্নিপরীক্ষারই।
এক নজরে:
গ্রুপ: জি
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৬ জুন | পর্তুগাল | সালভাদর |
২১ জুন | ঘানা | ফোরতালেজা |
২৬ জুন | যুক্তরাষ্ট্র | রেসিফি |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ১৭ বার
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০); রানার্সআপ (১৯৬৬, ১৯৮২, ১৯৮৬, ২০০২)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপ: ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে গ্র“প ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ২
কোচ: ইওয়াখিম লো (জুলাই ২০০৬ থেকে)
জার্মানি দল: গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), রোমান ভাইডেনফেলার (বরুসিয়া ডর্টমুন্ড), রন-রবের্ট সিলের (হানোভার)।
ডিফেন্ডার: জেরম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এরিক ডুর্ম (বরুসিয়া ডর্টমুন্ড), কেভিন গ্রোসক্রেউৎস (বরুসিয়া ডর্টমুন্ড), বেনেডিক্ট হুভেডেস (শালকে), মাটস হুমেলস (বরুসিয়া ডর্টমুন্ড), ফিলিপ লাম (বায়ার্ন মিউনিখ), পের মেরটেজাকার (আর্সেনাল), স্কোড্রান মুস্তাফি।
মিডফিল্ডার: উলিয়ান ড্রাক্সলার (শালকে), মাটথিয়াস গিন্টার (ফ্রেইবুর্গ), মারিও গোটসে (বায়ার্ন মিউনিখ), ক্রিস্টোফ ক্রামের (বরুসিয়া মনশেনগ্লাডবাখ), সামি খেদিরা (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (বায়ার্ন মিউনিখ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), মেসুত ওজিল (আর্সেনাল), আন্দ্রে শুরলে (চেলসি), বাস্টিয়ান শোয়াইনস্টাইগার (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: মিরোস্লাভ ক্লোসা (লাৎসিও), লুকাস পোডলস্কি (আর্সেনাল)।
