ব্রাজিলে পৌঁছেছে আর্জেন্টিনা
তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ব্রাজিলে পৌঁছেছে আর্জেন্টিনা। সোমবার রাতে বেলো হরিজন্তের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লাতিন আমেরিকার দলটি।
অধিনায়ক লিওনেল মেসি ও তার সতীর্থদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান আর্জেন্টিনার রাষ্ট্রদুত।
বিমানবন্দর থেকে বাসে করে সরাসরি ভেসপাসিয়ান শহরের ‘সিদাদে দো গালো’য় চলে যায় আর্জেন্টিনা। ওখানেই বিশ্বকাপ চলাকালীন ঘাঁটি গাড়বে কোচ আলেহান্দ্রো সাবেইয়ার দল। বিশ্বকাপ ভেন্যু বেলো হরিজন্তে থেকে ২৫ মাইল দূরে অবস্থিত শহরটি।
আগের দুটি বিশ্বকাপে তেমন কোনো সাফল্য পাননি টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। তবে এবার সেই অপূর্ণতা দূর করতে চান তিনি।
ব্রাজিলের উদ্দেশে দেশ ছাড়ার আগে মেসি বলেন, “আমরা ব্রাজিলের দিকে তাকিয়ে আছি। আমাদের দলটি খুব শক্তিশালী আর একতাবদ্ধ।”
১৫ জুন রিও দে জেনেইরোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নাইজেরিয়া।
