ইংল্যান্ডের দুশ্চিন্তার নাম পিরলো
ইতালির বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডের দুশ্চিন্তা একটাই—কিভাবে আন্দ্রেয়া পিরলোকে আটকানো যায়। ইংল্যান্ডের এই ভাবনার কথা বলেছেন দলটির মিডফিল্ডার জ্যাক উইলশায়ার।
মানাউসে আগামী শনিবার ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইতালি।
পিরলো ২০১২ ইউরোতে ইংল্যান্ড দলকে খুব ভুগিয়েছিলেন। অসাধারণ পাসে ইংলিশদের দিশেহারা করে তুলেছিলেন পিরলো। বয়সটা একটু বেড়ে গেলেও ৩৫ বছর বয়সী পিরলো যে ইংল্যান্ডকে এবারও ভালোই ভোগাবেন, উইলশায়ার সেটাই মনে করিয়ে দিলেন।
“আমরা জানি তার বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু তার খেলার মান ঠিকই আছে।”
ইতালি দলে পিরলোর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় আছে মাত্র একজন—৩৬ বছর বয়সী গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
পিরলোকে অসাধারণ ফুটবলার আখ্যা দিয়েছেন ২২ বছর বয়সী আর্সেনালের মিডফিল্ডার উইলশায়ার। পিরলোকে সত্যিকারের একজন প্লে-মেকার উল্লেখ করে তাকে ঠেকানোর পরিকল্পনার কথাও বলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।
“ম্যাচে এমন সময় আসবে, যখন সে বল পাবে এবং তখন আমাদের জায়গাটা ছোট করে ফেলতে হবে, আর তার বাড়ানো বল আটকাতে হবে।”
সূচি হওয়ার পরই এই ম্যাচের বিষয়ে মানাউসের গরম নিয়ে তাদের দুশ্চিন্তার কথা বলেছিল ইংল্যান্ড; কিন্তু এখন পিরলোকে নিয়েই বেশি চিন্তিত তারা।
উইলশায়ার জানান, গরম মোকাবেলা করতে ইংল্যান্ড দল প্রস্তুত। গত কিছুদিনের অনুশীলনে তারা গরমের সঙ্গে মানিয়ে নেয়ায় অভ্যস্থ হয়ে উঠেছে।
