কাস্তিলোর বিশ্বকাপ শেষ
হাঁটুতে মারাত্মক চোট পাওয়ার পরও মিডফিল্ডার সেগুনদো কাস্তিলোকে ২৩ সদস্যের চূড়ান্ত দলে রেখেছিলেন ইকুয়েডরের কোচ রেইনালদো রুয়েদা। কিন্তু শেষ পর্যন্ত চোট সেরে না উঠায় তাকে বাদ দিতেই হল রুয়েদার।
গত ৩১ মে টেক্সাসের অরলিংটনে প্রীতি ম্যাচে মেক্সিকোর মিডফিল্ডার লুইস মন্তেসের সঙ্গে ধাক্কা লাগলে চোট পান কাস্তিলো। ৩-১ গোলে হারা সেই ম্যাচে পা ভাঙায় বিশ্বকাপ শেষ হয়ে যায় মেক্সিকোর মন্তেসের।
এবার বিদায় নিতে হল ইকুয়েডরের হয়ে ২০০৬ সালের বিশ্বকাপে খেলা কাস্তিলোকেও। সোমবার ইকুয়েডরের ফুটবল ফেডারেশন জানায়, কাস্তিলোর জায়গায় দলে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রে খেলা মিডফিল্ডার অসভালদো মিনদা।
মঙ্গলবার ব্রাজিল পৌঁছাবে ইকুয়েডর। ‘ই’ গ্রুপে তাদের তিন সঙ্গী সুইজারল্যান্ড, হন্ডুরাস ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও, মিডফিল্ডার এডউইন ভালেন্সিয়া ও ডিফেন্ডার লুইস পেরেরাকে হারানো কলম্বিয়ার জন্য আরেকটি আঘাত। কলম্বিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, চোটের কারণে দেশটির চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ শেষ হয়ে গেছে মিডফিল্ডার আলদো লিয়াও রামিরেসের।
কলম্বিয়ার শেষ প্রীতি ম্যাচে খেলতে না পারা রামিরেসের জায়গায় দলে নেয়া হয়েছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে খেলা উইঙ্গার কার্লোস কারবোনরোকে।
‘সি’ গ্রুপে কলম্বিয়ার তিন প্রতিপক্ষ গ্রিস, কোত দি ভোয়া (আইভরি কোস্ট) ও জাপান।
