ভুল থেকে শিক্ষা ফ্রেডের
ভুল থেকে শিক্ষা কাজে লাগাতে ভুললেন না ফ্রেড। তাই বিশ্বকাপের আগে ‘আমি এতগুলো গোল করবো’ বলে আস্ফালন করছেন না ব্রাজিলের এই স্ট্রাইকার।
ফ্রেড ভুলটি করেছিলেন গত বছরের ফিফা কনফেডারেশন্স কাপে। টুর্নামেন্টটির আগে তিনি গোল করার ঘোষণা দিয়েছিলেন। রোববার অনুশীলন শেষে সেই উদাহরণ টেনে সাংবাদিকদের ফ্রেড বলেন, “প্রথম দুই ম্যাচে আমি গোল করতে ব্যর্থ হওয়ায় আপনারা তো আমাকে প্রায় মেরেই ফেলেছিলেন। তাই এবার আমি আমার কৌশল পাল্টাচ্ছি। এবার আমি কিছুই বলবো না, যাতে বিশ্বকাপেও গোল করতে পারি।”
বোঝাই যাচ্ছে, এক বছর আগের তিক্ত ওই অভিজ্ঞতাটা এখনও ভুলতে পারেননি ৩০ বছর বয়সী ফ্রেড।
অবশ্য গ্রুপ পর্বে গোল করতে না পারলেও ফাইনালে স্পেনের বিপক্ষে জোড়া গোল করে দলকে কনফেডারেশন্স কাপের শিরোপা জিতিয়েছিলেন ফ্রেড।
আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ব্রাজিলের। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।
