জাপানকে নিয়ে হোন্ডার শেষ আটের স্বপ্ন
ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন দেখছেন কেইসুকে হোন্ডা। শেষ আটের পর অলৌকিক কিছু ঘটানোর প্রত্যাশাও করছেন জাপানের এই ফরোয়ার্ড।
প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ আর পর্যাপ্ত অনুশীলন শেষে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ের জন্য নিজেদের পুরো প্রস্তুত বলে দাবি করেন এসি মিলানে খেলা হোন্ডা। গ্রুপ পর্ব পেরোনো নিয়ে কোনো চিন্তাই করছেন না তিনি।
“আমরা গ্রুপ পর্ব পেরোবো, এটা শতভাগ নিশ্চিত।”
“এর পর বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে। কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর জন্য আমরা যথেষ্ট ভালো দল।”
এরপর শেষ আটে ওঠার পর অলৌকিক কিছু ঘটানোর স্বপ্নও দেখছেন জাপানের ফরোয়ার্ড।
বাস্তবতা হচ্ছে অন্যরকম। ‘সি’ গ্রুপ থেকে কলম্বিয়া, কোত দি ভোয়া (আইভরি কোস্ট) ও গ্রিসের বাধা পেরিয়ে নকআউট পর্বে আসলেই কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে জাপানের জন্য। ‘ডি’ গ্রুপ থেকে নকআউটে আসা ইতালি, উরুগুয়ে বা ইংল্যান্ডের মধ্যে কারোর সঙ্গে শেষ ষোলোতে দেখা হবে তাদের।
