২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর একাদশে চোখ ভিয়ার

এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করে দাভিদ ভিয়া যেন জানান দিলেন, জাতীয় দলের জন্য এখনো তিনি মূল্যবান সম্পদ। একই সঙ্গে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ককে একটা বার্তাও দিলেন, ব্রাজিল বিশ্বকাপে দলের শুরুর একাদশে থাকার যোগ্য তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 09:44 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

৩২ বছর বয়সী ভিয়া আতলেতিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসিতে যোগ দিচ্ছেন।

ক্লাব ফুটবলে ভিয়া আগের মতো আর নেই। বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ডের শাণিত চেহারা আতলেতিকো মাদ্রিদে তেমন দেখা যায়নি। লা লিগার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ ছেড়ে আয়েশি এমএলএসে যাচ্ছেন। তবে গোল করার দক্ষতা যে আগের মতোই অটুট আছে, সেটা কিন্তু ঠিকই প্রমাণ করলেন ভিয়া।   

চোটের কারণে ২০১২ ইউরোতে খেলতে পারেননি ভিয়া। তবে ২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

৫৮ গোল নিয়ে স্পেনের পক্ষে সর্বোচ্চ গোলদাতা ভিয়া।

সদ্য শেষ হওয়া মৌসুমে রাখা অবদানের দিকে তাকিয়ে স্পেনের আক্রমণভাগে সবাই আতলেতিকো মাদ্রিদের দিয়েগো কস্তাকেই গুরুত্বপূর্ণ মনে করছে। এটাও সত্য যে, সর্বশেষ মৌসুমে গোলের সামনে ভিয়া নিষ্প্রভই ছিলেন।

এল সালভাদরের বিপক্ষে বদলি হিসেবে নেমে জোড়া গোল করতে পারায় দারুণ খুশি ভিয়া।

“আমরা কঠিন পরিশ্রম করছি এবং আমার মনে হয় আমরা এখন বিশ্বকাপের জন্য প্রস্তুত। দলের এবং নিজের অবস্থা নিয়ে আমি খুশি।”

দলের স্বার্থটাকে বড় করে দেখা ভিয়া তার শুরুর একাদশে থাকা না থাকা নিয়ে খুব একটা চিন্তিত নন।

“আমি জানি না, শুরুর একাদশে থাকব কিনা, কিন্তু এ লক্ষ্যেই কাজ করে যাব।”