২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে মেসিরা

প্রীতি ম্যাচের প্রস্তুতি শেষ। এবার বিশ্বকাপের উত্তেজনায় কাঁপতে শুরু করেছেন লিওনেল মেসিরা। প্রস্তুতির পালা শেষ হতেই বিশ্বকাপের প্রহর শুরু হয়ে গেছে বলে মনে করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 04:13 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বিশ্বকাপের চূড়ান্ত লড়াই শুরু হবে বৃহস্পতিবার। আর্জেন্টিনা মাঠে নামবে তিন দিন পর।

শনিবার নিজেদের মাঠে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে মেসি বলেন, আর্জেন্টিনা দলে বিশ্বকাপের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

“আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই উত্তেজিত। আসল সময় শুরু হয়ে গেছে। প্রীতি ম্যাচের দিন শেষ।”

স্লোভেনিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে গোল পেয়েছেন মেসি। বার্সেলোনার এই তারকা ব্রাজিল বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়েই যাচ্ছেন এবার।

ব্রাজিল যাওয়ার আগে নিজেদের প্রস্তুতই মনে করছেন মেসি। আলেহান্দ্রো সাবেইয়ার অধীনে গত দুই বছরে আর্জেন্টিনা শক্তিশালী এবং গোছানো একটা দলে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড। ব্রাজিল রওনা হয়ে যাওয়ার আগে ধীরে ধীরে ভালো ফুটবল খেলে তার দল নিজেদের আত্মবিশ্বাসটা তুঙ্গস্পর্শী করে নিতে পেরেছে বলে মনে করেন মেসি। 

ব্রাজিলের উদ্দেশে সোমবার দেশ ছাড়বে আর্জেন্টিনা।

১৫ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন মেসিরা। ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুটি ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে।