জয় দিয়েই বেলজিয়ামের প্রস্তুতি শেষ
ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতিপর্বটা জয় দিয়েই শেষ করলো বেলজিয়াম। তবে তিউনিশিয়াকে হারাতে বেশ কষ্টই করতে হয়েছে দলটিকে, একমাত্র গোলে জিতেছে বেলজিয়াম।
গত সপ্তাহে শক্তিশালী সুইডেনকে ২-০ গোলে হারিয়েছিল তারা। এছাড়া গত মাসের শেষ সপ্তাহে লাক্সেমবার্গকে ৫-১ গোলে হারিয়েছিল ইউরোপের দলটি। কিন্তু প্রীতি ম্যাচে ছয় জনের জায়গায় বেলজিয়ামের কোচ সাত জন খেলোয়াড় পরিবর্তন করায় ওই ম্যাচটির আন্তর্জাতিক মর্যাদা বাতিল করে ফিফা।
শনিবার দেশের মাঠে বেলজিয়ামের জয়ের নায়ক স্ট্রাইকার ড্রাইস মার্টেন্স। নির্ধারিত সময় শেষের এক মিনিট আগে গোলটি করেন তিনি।
৬৩তম মিনিটে স্ট্রাইকার ইসাম জিমা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তিউনিশিয়া। তবে বাকি সময়ে একজন বেশি নিয়ে খেলেও বড় ব্যবধানে জেতা হয়নি বেলজিয়ামের।
ব্রাজিল বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে বেলজিয়ামের তিন প্রতিপক্ষ রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও আলজেরিয়া।
