অস্ট্রেলিয়া: সবার আগে ফেরার প্রস্তুতি?
অস্ট্রেলিয়ার গ্রুপসঙ্গী গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট স্পেন-নেদারল্যান্ডসের সঙ্গে রোমাঞ্চকর ফুটবল খেলা চিলি। সবার আগে ব্রাজিলে যাওয়া দলটি যে সবার আগে ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছে, সেটি তাই না বললেও চলছে।
এমন নয় যে, অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসে বড় বড় দলের বিপক্ষে জয় নেই। ২০০৩ সালে ইংল্যান্ড, ২০০৮ সালে নেদারল্যান্ড এবং ২০১০ সালে জার্মানির মতো পরাশক্তিকে হারিয়েছে সকারুরা। কিন্তু সে সবই যে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক লড়াইয়ে অমন প্রীতিকর কোন স্মৃতি অনুপ্রেরণা দেবে না তাদের। ব্রাজিল বিশ্বকাপের ম্যাচ তিনটিতে তাই ফলের চেয়ে খেলার ধরনেই নিহিত থাকবে অস্ট্রেলিয়ার লক্ষ্য। যদি একটু ভালো খেলতে পারে, যদি গড়ে তুলতে পারে খানিক প্রতিরোধ - সকারুদের জন্য সেটি জয়ের চেয়ে কম কীসে!
বিশ্ব ফুটবলের মানচিত্র বড় অদ্ভুত। এতে মহাসাগরের ওপারের অস্ট্রেলিয়াকে মিলিয়ে দেয় এশিয়ার সঙ্গে। বলা হচ্ছে, বিশ্বকাপ বাছাইয়ের কথা। যেখানে এশিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে খেলতে হয় তাদের। গত আসর থেকে এই নিয়ম চালু হওয়ার পর বিশ্বকাপ অংশগ্রহণে শতভাগ সাফল্য তাদের। অথচ এর আগে সাকুল্যে দুই বার মাত্র বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে খেলার সুযোগ মিলেছিল, ১৯৭৪ ও ২০০৬ সালে।
তবে অস্ট্রেলিয়ার তথাকথিত ‘সোনালী প্রজন্ম’ যে আসলে ক্ষয়িষ্ণু জমিদারির মতো অবস্থা, সেটি টের পাওয়া যায় দ্রুত। গত বছরের অক্টোবরে ব্রাজিল ও ফ্রান্সের কাছে টানা দুই প্রীতি ম্যাচে ০-৬ গোলে হেরে যাবার পর কোচ হোলজার ওসিয়েককে তাই সরিয়ে দেওয়া হয়। ব্রাজিল-অভিযানে দায়িত্ব দেওয়া হয় আনজে পোস্তেকোগলুকে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবল ইতিহাসের সফলতম কোচ তিনি। জিতেছেন চারটি লিগ শিরোপা।
সেই ভালো! স্পেন, নেদারল্যান্ডস, চিলির গ্রুপ থেকে সেরা দুইয়ে থাকার স্বপ্নের ফানুস ওড়ানোর শুধু শুধু প্রয়োজন কী!
এক নজরে:
গ্রুপ: বি
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৩ জুন | চিলি | কুইয়াবা |
১৮ জুন | নেদারল্যান্ডস | পোর্তো আলেগ্রে |
২৩ জুন | স্পেন | কুরিচিবা |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৩ বার
সেরা সাফল্য: ২০০৬ (দ্বিতীয় রাউন্ড)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: এশিয়া অঞ্চলের বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে ‘বি’ গ্রুপে দ্বিতীয় হয়ে।
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ৬২
কোচ: আনজে পোস্তেকোগলু (অক্টোবর ২০১৩ থেকে)।
অস্ট্রেলিয়া দল:
গোলরক্ষক: ইউজিন গ্যালেকোভিচ, মিচেল ল্যাঙ্গারাক, ম্যাট রায়ান।
ডিফেন্ডার: জ্যাসন ডেভিডসন, ইভান ফ্রানিচ, রায়ান ম্যাকগোয়ান, ম্যাথুউ স্পিরানোভিচ, অ্যালেক্স উইলকিনসন, বেইলি রাইট।
মিডফিল্ডার: অলিভিয়ের বোজানিচ, মার্ক ব্রেস্যানো, জেমস হল্যান্ড, মাইল জেডিনাক, মাস্সিমো লুয়োঙ্গো, ম্যাট ম্যাকে, মার্ক মিলিগান, টমি ওর, জেমস ট্রোইসি, দারিও ভিদোসিচ।
ফরোয়ার্ড: টিম কাহিল, বেন হ্যালোরান, ম্যাথু লেকি, অ্যাডাম ট্যাগার্ট।
