Published : 27 Jun 2026, 06:35 PM
নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।
গ্রুপ ‘কে’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে কলম্বিয়া ও পর্তুগাল এবং ডিআর কঙ্গো ও উজবেকিস্তান। বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ দুটি।
কলম্বিয়া: উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরুর পর, ডিআর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে দলটি। ৬ পয়েন্ট নিয়ে আছে গ্রুপের শীর্ষে।
পর্তুগালের বিপক্ষে হার এড়ালেই গ্রুপ সেরা হবে কলম্বিয়া।
পর্তুগাল: ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্রয়ের পর, উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ইউরোপের দলটি। ৪ পয়েন্ট নিয়ে তারা এখন আছে দুইয়ে। শেষ বত্রিশে খেলা নিশ্চিত করেছে তারাও।
কলম্বিয়ার জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল।

নিজেরা হেরে গেলেও, গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে রবের্তো মার্তিনেসের দলটির সামনে; তবে সেজন্য প্রার্থনা করতে হবে, যেন অন্য ম্যাচটি ড্র হয় কিংবা ডিআর কঙ্গো জিতলেও, নিজেদের হারের ব্যবধান বড় বা আফ্রিকান দলটির জয়ের ব্যবধান বড় না হয়।
উদাহরণস্বরুপ: নিজেরা যদি এক গোলের ব্যবধানে হারে, তাহলে কঙ্গো চার গোলে জিতলেও, গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ রানার্সআপ হবে পর্তুগাল।
ডিআর কঙ্গো: পর্তুগালের সঙ্গে ১-১ ড্রয়ের পর, কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে দলটি।
নকআউট পর্বে উঠতে হলে নিজেদের ম্যাচে জিততেই হবে ডিআর কঙ্গোকে।
গ্রুপ রানার্সবআপ হতে নিজেদের জয়ের পাশাপাশি প্রার্থনা করতে হবে, যেন পর্তুগাল বড় ব্যবধানে পরাজিত হয়। তাহলে গোল ব্যবধানে এগিয়ে যেতে পারবে কঙ্গো।
উদাহরণস্বরূপ: পর্তুগাল যদি চার গোলে হারে, তাহলে নিজেরা তিন গোলে জিতলে তাদের সমান পয়েন্ট নিয়ে, গোল ব্যবধানে এগিয়ে যাবে দলটি।
উজবেকিস্তান: কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারের পর, পর্তুগালের বিপক্ষে ৫-০ গোলে ধরাশায়ী হয় টুর্নামেন্টের নবাগত দলটি।
সরাসরি নকআউট পর্বে খেলার কোনো আশা নেই তাদের। একমাত্র উপায়, শেষ ম্যাচে জিতে গ্রুপের তৃতীয় হওয়া এবং সেরা আটটি তৃতীয় দলের একটি হওয়ার আশায় থাকা। সেটা করতে হলে অনেক বড় ব্যবধানে জিততে হবে নবাগত দেশটির।