Published : 28 Jun 2026, 02:12 PM
ডিআর কঙ্গোর বিপক্ষে কোনোমতে একটি গোল করা কলম্বিয়া শেষ গ্রুপ ম্যাচে গোলের দেখাই পায়নি। পর্তুগালের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেও গোলশূন্য ড্র করা দলকে সাবধান হতে বলেছেন কোচ নেস্তর লরেন্সো। তার মতে, নকআউটে এভাবে সুযোগ নষ্ট করলে বড় মাশুল দিতে হতে পারে তাদের।
বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে পর্তুগিজদের বিপক্ষে দাপট দেখায় কলম্বিয়া। বেশিরভাগ সময় পজেশন রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে তারা। আর পর্তুগালের ১৩ শটের কেবল দুটি ছিল লক্ষ্যে।
দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের সেরা হয় কলম্বিয়া। শেষ বত্রিশের লড়াইয়ে লাতিন আমেরিকার দলটির প্রতিপক্ষ ঘানা। আগামী শনিবার বাংলাদেশ সময় সকালে আফ্রিকার দলটির মুখোমুখি হবে তারা।
পর্তুগালের বিপক্ষে গোল না পেলেও, দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট লরেন্সো। তবে নকআউটে এভাবে সুযোগ নষ্ট করা যাবে না বলে দলকে বার্তা দিয়েছেন তিনি।
“এগুলো এমন দল (শেষ বত্রিশের), যাদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে। এত সুযোগ নষ্ট করলে আজকের চেয়ে অনেক বেশি ভুগতে হবে।”
“ড্রয়ে আমরা সন্তুষ্ট। তারপরও আমরা গ্রুপের শীর্ষে শেষ করেছি। কঙ্গোর বিপক্ষে আমরা চেষ্টা করে মাত্র একটি গোল পেয়েছিলাম, আর আজ গোলই করতে পারিনি। তাই আমরা অবশ্যই গোল করে ম্যাচটি শেষ করতে চেয়েছিলাম, তবে দলের পারফরম্যান্স খুব ভালো ছিল এবং আমি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ।”
উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে কলম্বিয়া। পরে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারায় তারা। শেষ ম্যাচে সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের রুখে দিল দলটি।
লরেন্সোর মতে, সময়ের সঙ্গে তাদের নিয়ে সমর্থকদের আশা বেড়েই চলেছে।
“সত্যি বলতে, আমি বিশ্বাস করি, মানুষ অনেক আশাবাদী হয়ে উঠেছে। আগের দিন আমি বলেছিলাম যে, যখন আমাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তখন লক্ষ্য ছিল কেবল বিশ্বকাপে খেলা নিশ্চিত করা; আর এখন মানুষ চায় আমরা বিশ্বকাপটাই জিতে নিই।”
“আমাদের নিয়ে আশা দেখা হচ্ছে, আমরাও আশাবাদী। তবে আমাদের একটি করে ম্যাচ ধরে এগোতে হবে।”