Published : 18 Jun 2026, 10:17 AM
ম্যাচের প্রেক্ষাপটে গোলটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই গোলেই এগিয়ে যায় ইংল্যান্ড। তবে সেই গোল শুধু দলকে জয়ের পথেই এগিয়ে নেয়নি, জুড বেলিংহ্যামের নামও তুলে দিয়েছে রেকর্ড বইয়ে। যে তালিকায় নাম আছে কিংবদন্তি পেলে ও ইংল্যান্ডেরই সাবেক তারকা মাইকেল ওয়েনের।
বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধে ২-২ সমতায় শেষ করে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে ডান দিক থেকে আক্রমণে উঠে একাই বল টেনে নিয়ে বক্সে ঢুকে সঙ্গে দারুণ ফিনিশিংয়ে গোল করেন বেলিংহ্যাম।
গত বিশ্বকাপেও ইংল্যান্ডের প্রথম ম্যাচে জালের দেখা পেয়েছিলে বেলিংহ্যাম। বয়স ২৩ পূর্ণ হওয়ার আগেই দুটি বিশ্বকাপে গোল করা তৃতীয় ফুটবলার তিনি।
ফুটবলের রাজা পেলে এই কীর্তি গড়েছিলেন ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে। বেলিংহ্যামের পূর্বসূরী ওয়েন ১৯৯৮ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে চমকপ্রদ গোলটির পর ২০০২ আসরেও পেয়েছিলেন গোলের স্বাদ।
বেলিংহ্যামের গোলটি ছিল ৪৭তম মিনিটে। আরও নির্দিষ্ট করে বললে, দ্বিতীয়ার্ধের ১ মিনিট ২৫ সেকেন্ডে। বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের দ্রুততম গোল এটি।
সবশেষ তিনটি বড় আসরে (২০২২ বিশ্বকাপ, ২০২৪ ইউরো, এই বিশ্বকাপ) গোল করা পাঁচ ইউরোপিয়ান ফুটবলারের একজন বেলিংহ্যাম। তবে তাদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ (২২ বছর ৩৫৩ দিন)।
পরে মার্কাস র্যাশফোর্ডের গোলে ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ৪-২ গোলে।
রেকর্ড বইয়ে খোদাই হয়ে গেছে র্যাশফোর্ডের নামও। বদলি নেমে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে একাধিক গোল করা প্রথম ফুটবলার তিনিই। গত বিশ্বকাপে ইরানের বিপক্ষে বদলি হিসেবে নামার ৪৯ সেকেন্ডে গোলের স্বাদ পেয়েছিলেন এই ফরোয়ার্ড।