Published : 22 Jun 2026, 08:12 PM
প্রতিপক্ষ দলের আক্রমণভাগে আছেন সাদিও মানের মতো ধারাল ফরোয়ার্ড। দুই উইং দিয়ে আক্রমণ শাণানোর পাশাপাশি, পাল্টা আক্রমণের সক্ষমতাও আছে সেনেগালের। তবে, তাদের নিয়ে মোটেও ভীত নন নরওয়ে কোচ স্তল সুলবাকেন।
উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল; বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায়। ইরাককে ৪-১ গোলে গুঁড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছে নরওয়ে। সেনেগাল শুরুতে ফ্রান্সের কাছে ধরাশায়ী হয়েছে ৩-১ ব্যবধানে।
শুরুর হারের ধাক্কা কাটিয়ে উঠতে, নিউ জার্সি স্টেডিয়ামে, সেনেগাল গতিময় ফুটবল খেলবে, মনে করেন সুলবাকেন। তবে, প্রত্যয় নিয়ে নরওয়ে কোচ বললেন, নিজেদের করণীয়টাও তারা জানেন ভালো করেই।
“আমি সেনেগালকে ভয় বা কিছুই পাই না, কিন্তু আমি তাদের শ্রদ্ধা করি। তারা গতিময় ও মানসম্পন্ন দল। তাদের উইংয়ের এবং পাল্টা আক্রমণের মুখোমুখি হতে, আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন। সাদিও মানে দারুণ একজন খেলোয়াড়, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, নিজেদের বৈশিষ্ট ধরে রাখা এবং সেরাটা মেলে ধরা।”
সেনেগাল ম্যাচে নরওয়ে তাকিয়ে থাকবে ‘গোলমেশিন’ আর্লিং হলান্ডের দিকে। ইরাকের জালে জোড়া গোল করে এই ফরোয়ার্ড বিশ্বকাপে দারুণ শুরু করেছেন। সেনেগালের জালে হলান্ডের উৎসব দেখতে মুখিয়ে আছেন সুলবাকেন।
“হলান্ড দুর্দান্ত ফর্মে আছে এবং আশা করি, তার থেকে আরও আসবে (গোল)। তার সাহায্য দরকার এবং আশা করি, দারুণ সমর্থন জুগিয়ে আমরা তাকে সাহায্য করব। আশা করুন, সে আমাদের গোলের আনন্দ দিতেই থাকবে।”