০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কী হলে কী হবে: গ্রুপ ‘সি’

গ্রুপের শেষ রাউন্ডে নকআউট পর্বে ওঠার সুযোগ আছে তিনটি দলের সামনে।

কী হলে কী হবে: গ্রুপ ‘সি’
‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের স্ক্রিনশট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 04:36 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

নানা রোমাঞ্চকর ধাপ পেরিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের দুই রাউন্ডের খেলা। জমে উঠেছে নকআউট পর্বে ওঠার লড়াই। শেষ রাউন্ডের আগে তাই দেখে নেওয়া যাক, কোন দলের কী অবস্থান, তাদের টিকে থাকার সম্ভাবনাই বা কতটা।

গ্রুপ ‘সি’: শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ব্রাজিল এবং মরক্কো ও হাইতি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচ দুটি।

ব্রাজিল: মরক্কোর সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরুর পর, হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে মরক্কো।

  • স্কটল্যান্ডের বিপক্ষে নিজেরা জিতলে এবং অন্য ম্যাচে মরক্কো পয়েন্ট হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।

মরক্কো তাদের ম্যাচে জিতলেও গ্রুপ সেরা হতে পারে ব্রাজিল। তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৭, সেক্ষেত্রে দল দুটির মুখোমুখি লড়াই ড্র হওয়ায় বিবেচনায় আসবে গোল ব্যবধান।

তাই নিজেদের চেয়ে মরক্কোর জয়ের ব্যবধান বেশি বড় না হলেই লক্ষ্য পূরণ হবে ব্রাজিলের। উদারহরণস্বরূপ: ব্রাজিল যদি ১ গোলের ব্যবধানে জয় পায় এবং মরক্কো যদি ২ গোলের ব্যবধানে জেতে, সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে সেরা হবে ব্রাজিল।

গোল ব্যবধানও সমান হলে, তখন বিবেচ্য হবে কারা বেশি গোল করেছে; তাই স্কোরলাইনের ধরণটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • নিজেরা ড্র করলেও গ্রুপ সেরা হতে পারে ব্রাজিল, তবে সেক্ষেত্রে অবশ্যই অন্য ম্যাচ ড্র হতে হবে অথবা মরক্কোর হারতে হবে।
  • নিজেরা হারলেও গ্রুপ রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের, তবে অবশ্যই সেক্ষেত্রে মরক্কোর হারতে হবে। এবং এক্ষেত্রেও হারের ব্যবধান মরক্কোর চেয়ে বেশি বড় হওয়া যাবে না।
  • উপরের কোনো শর্ত পূরণ না হলেও, সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে ওঠার সুযোগ থাকবে সেলেসাওদের।

মরক্কো: ব্রাজিলের সঙ্গে ১-১ ড্রয়ের পর, স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো।

  • নিজেদের ম্যাচে জিতলে এবং অন্য ম্যাচে ব্রাজিল হোঁচট খেলেই গ্রুপ সেরা হবে মরক্কো।

অন্য ম্যাচে ব্রাজিল জিতলেও সেরা হতে পারে মরক্কো, তবে সেক্ষেত্রে ব্রাজিলের চেয়ে ৩ গোলের ব্যবধানে জিতলে, পয়েন্ট সমান হওয়ার পর গোল ব্যবধানে এগিয়ে যাবে তারা।

ব্রাজিলের চেয়ে নিজেরা ২ গোলের বেশি ব্যবধানে জিতলে তখন বিবেচনায় আসবে কারা বেশি গোল করেছে এবং ধারাবাহিকভাবে অন্যান্য শর্তগুলো।

  • নিজেরা যদি ড্র করে এবং অন্য ম্যাচও যদি ড্র হয় অথবা ব্রাজিল হারে, তাহলে গ্রুপ রানার্সআপ হবে মরক্কো।
  • নিজেরা হারলেও, গ্রুপ রানার্সআপ হতে পারে মরক্কো।

উদাহরণস্বরূপ: মরক্কো ১ গোলের ব্যবধানে হারলে এবং ব্রাজিল ৪ গোলের ব্যবধানে হারলে, দুই দলের পয়েন্ট সমান হওয়ার পর গোল ব্যবধানে এগিয়ে যাবে মরক্কো। আর ব্রাজিল যদি ৩ গোলের ব্যবধানে হারে, তাহলে পরবর্তী শর্তগুলো প্রযোজ্য হবে।

  • উপরের কোনো শর্ত নিজেদের পক্ষে না এলেও, সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে যাওয়ার সুযোগ থাকবে দলটির সামনে।

স্কটল্যান্ড: হাইতিকে ১-০ গোলে হারানোর পর, মরক্কোর বিপক্ষে একই স্কোরলাইনে হেরেছে দলটি। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

  • গ্রুপ সেরা হতে হলে নিজেদের ম্যাচে জিততেই হবে এবং প্রার্থনা করতে হবে যেন মরক্কো হারে কিংবা ম্যাচটি ড্র হয়।
  • অন্য ম্যাচে মরক্কো জিতলে, নিজেরাও জিতে গ্রুপ রানার্সআপ হতে পারে স্কটল্যান্ড।
  • উপরের কোনো শর্ত নিজেদের পক্ষে না এলেও, সেরা আটটি তৃতীয় দলের একটি হওয়ার সুযোগ থাকবে স্কটল্যান্ডের সামনে।
  • হাইতির বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে।