Published : 24 Jun 2026, 02:22 PM
প্রথম ম্যাচ ভালো নয়, দ্বিতীয় ম্যাচ শ্রেয়তর। কার্লো আনচেলত্তির বিশ্বাস, তৃতীয় ম্যাচেই মিলবে ব্রাজিলের সেরা পারফরম্যান্স। প্রতিপক্ষ স্কটল্যান্ডকে অবশ্য সমীহ করছেন তিনি। ম্যাচটি কঠিন হবে বলেও ধারণা তার। তবে ব্রাজিল কোচের আশা, তার দলও প্রত্যাশিত রূপে আবির্ভুত হবে এই ম্যাচেই।
মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ব্রাজিল। ম্যাচের ফলাফলের মতো মাঠে তাদের খেলার মানও ছিল হতাশাজনক। পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলায় ছিল না ধার, ছিল না সৃষ্টিশীলতা। পরের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে তারা বার্তা দেয় ঘুরে দাঁড়ানোর।
তবে আদতেই তারা নিজেদের ফিরে পেয়েছে কি না, সেটির প্রমাণ মিলবে সামনের পথচলায়। সেখানে তাদের সামনে এখন স্কটল্যান্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে আনচেলত্তি বললেন, ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর গৌরব থেকেই জ্বলে উঠবে তার দল।
“বিশ্বকাপে এই জার্সির প্রতিনিধিত্ব করছি আমরা, অবশ্যই আমাদের অনেক বড় দায়বদ্ধতা রয়েছে। আমার মনে হয়, প্রথম ম্যাচটি খুব ভালো ছিল না, দ্বিতীয় ম্যাচটি ছিল আগের চেয়ে। আমরা আত্মবিশ্বাসী যে, তৃতীয় ম্যাচটিই সেরা হবে।”
প্রথম ম্যাচে হাইতিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে হেরেছে স্কটল্যান্ড। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দলটিকে যথেষ্টই গুরুত্ব দিয়ে নিচ্ছেন আনচেলত্তি।
“স্কটল্যান্ডের মানসম্পন্ন দল। ওরা বেশ লড়িয়ে এবং খুবই সুসংগঠিত। (স্কট) ম্যাকটমিনে এবং (জন) ম্যাকগিন অভিজ্ঞ ফুটবলার, যারা এই ধরনের খেলায় অভ্যস্ত।”
“বরাবরের মতোই এটি কঠিন ম্যাচ হবে। আমার মনে হয়, বিশ্বকাপের সহজ ম্যাচের পালা অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা কঠিন ম্যাচ খেলার জন্য প্রস্তুত।”
এই ম্যাচের আগে নিউ জার্সি থেকে ম্যাচের ভেন্যু মায়ামিতে আসার পথে ব্রাজিল দলের ফ্লাইট বেশি দেরিতে ছাড়ে। আনচেলত্তির সংবাদ সম্মেলনও দেরিতে শুরু হয়। কছুটা বিঘ্ন ঘটে দলের নানা পরিকল্পনায়।
তবে এসবকে বড় করে দেখছেন না অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।
“আজকের আগে সবকিছু নিখুঁত ছিল। আজ আমাদের একটি ছোট সমস্যা হয়েছিল, কিন্তু এমনটা হতেই পারে।”
“আমি মনে করি, এই বিশ্বকাপে ভালো হয়ে ওঠার সামর্থ্য ও আত্মবিশ্বাস আমাদের আছে। ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। কিন্তু যা-ই হোক না কেন, শেষ পর্যন্ত এটি অত্যন্ত সুন্দর অভিজ্ঞতা হবে -- এমনকি যদি আমাকে রাত ৯টায় সংবাদ সম্মেলন করতেও হয়।”
চোটের কারণে এই ম্যাচে ব্রাজিল পাবে না রাফিনিয়াকে। তবে গোটা ফুটবল বিশ্বের অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফিরছেন নেইমার।