২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পর দর্শকদের ধৈর্য ধরতে বললেন ইংল‍্যান্ড কোচ

প্রায় ৭৯ শতাংশ সময় বল দখলে রেখেও ঘানার বিপক্ষে জালের দেখা পায়নি টমাস টুখেলের দল।

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পর দর্শকদের ধৈর্য ধরতে বললেন ইংল‍্যান্ড কোচ
ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করে হতাশ ইংল্যান্ড দলের খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 02:57 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

ক্রোয়েশিয়ার বিপক্ষ দারুণ ফুটবল উপহার দেওয়া ইংল‍্যান্ড এবার পুরোপুরি নিষ্প্রভ থাকল। ঘানার বিপক্ষে বল দখলে অনেক এগিয়ে থাকলেও জালের দেখা পেল না ইংল‍্যান্ড। তাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড হলো সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের। তবে তাতে হতাশ না হয়ে ভক্তদের ধৈর্য ধরতে বললেন কোচ টমাস টুখেল।  

বস্টনে মঙ্গলবার ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পথে ৭৮.৮ শতাংশ সময় বল দখলে রাখে ইংল‍্যান্ড। ১৯৬৬ আসর থেকে এখন পর্যন্ত কোনো দল এতো বেশি সময় বল দখলে রেখে গোল করতে ব‍্যর্থ হলো।   

গোল না হওয়ার পেছনে নিজেদের ব‍্যর্থতার চেয়ে ঘানার সফলতাই বেশি দেখছেন ইংল‍্যান্ড কোচ টুখেল।

“ঘানার প্রতি পূর্ণ শ্রদ্ধা। তারা খুব দৃঢ় সংকল্প নিয়ে ও শৃঙ্খলার সঙ্গে রক্ষণ সামাল দিয়েছে। রক্ষণ সামালানোর ক্ষেত্রে আমার দেখা সবচেয়ে বেশি শারীরিক শক্তি নির্ভর পারফরম‍্যান্স এটা।”

“ম‍্যাচের ভাগ‍্য গড়ে দেওয়ার জন‍্য আমরা যথেষ্ট সেট পিস পেয়েছিলাম কিন্তু আমরা যথেষ্ট কার্যকর ছিলাম না।”

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করে ১৯৬৬ আসরের চ‍্যাম্পিয়ন ইংল‍্যান্ড। ওই পারফরম‍্যান্সের পুনরাবৃত্তি না দেখায় ভক্তরা হতাশ হতে পারেন, মানছেন কোচ।

“যদি… কোনো দল এমন জমাট রক্ষণের বিপক্ষে খেলে এবং জায়গা না পায় তাহলে তাদের জন‍্য সুযোগ তৈরি করা কঠিন হয়। আর এটা দেখাও কঠিন হতে পারে। আমরা সবসময়ই আমাদের ভক্তদের বিনোদন দেওয়ার চেষ্টা করি। আজ সেটা কঠিন ছিল। আশা করি, তারা আস্থা হারাবে না। এখনও অনেক পথ বাকি।”  

দুই ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে ইংল্যান্ড শীর্ষে, ঘানা দুইয়ে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ক্রোয়েশিয়া। প্রথম দুই ম‍্যাচেই হেরেছে পানামা।

গ্রুপের শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত তিনটায় পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ঘানা।