Published : 16 Jun 2026, 10:31 PM
অভিষেকের অপেক্ষায় থাকা জর্ডানকে নিয়ে সতর্ক অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। এশিয়ার দলগুলোর বিপক্ষে ইউরোপের দেশগুলোর ব্যর্থতার মিছিলে যোগ দিতে চান না তিনি। দলকে সাবধান করে বললেন, নিজেদের সেরা ফুটবল খেলতে না পারলে সঙ্গী হতে পারে হতাশা।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে চেকিয়া। তুরস্কের বিশ্বকাপ শুরুর উপলক্ষ মাটি করে তাদের ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া।
নেদারল্যান্ডসের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ ড্র করেছে জাপান। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করেছে চার বছর আগে দেশের মাটিতে বিশ্বকাপে সব ম্যাচে হেরে যাওয়া কাতার। এশিয়ান ফুটবল কনফেডাশনের দলগুলোর সাফল্য দেখে জর্ডানের বিপক্ষে যেন বেশিই সতর্ক রাংনিক।
“এই বিশ্বকাপে আমরা অনেক চমক দেখেছি। আপনি যদি ম্যাচ ও ফলের দিকে তাকান, ১২টি ড্র এবং ছয়টি জয়। দক্ষিণ আমেরিকার দল কোনো ম্যাচ জেতেনি।”
“লড়াইটা সহজ হবে না। তারা হবে অস্বস্তিকর প্রতিপক্ষ। প্রতিপক্ষ আপনাকে প্রলুব্ধ করার চেষ্টা করবে, চাপ সয়ে নেবে এবং এরপর প্রতি-আক্রমণের জন্য উন্মুক্ত জায়গা কাজে লাগানোর চেষ্টা করবে। আগামীকাল ওরা এভাবেই খেলবে বলে আমার ধারণা।”
জর্ডান ম্যাচ দিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে প্রথমবার খেলবে অস্ট্রিয়া। দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে চমৎকার ফুটবল উপহার দিয়েছিল তারা। পরে শেষ ষোলোয় হেরে গিয়েছিল তুরস্কের বিপক্ষে।
নকআউট পর্বে ওঠার জন্য জর্ডানের বিপক্ষে ভালো করাটা অস্ট্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। ‘জে’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ যে আর্জেন্টিনা ও আলজেরিয়া।
বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টায় জর্ডানের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ‘জে’ গ্রুপে এর ঘণ্টাখানেক আগে শেষ হবে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ।