Published : 19 Jun 2026, 11:06 PM
র্যাঙ্কিংয়ে এক দলের অবস্থান পঞ্চম, আরেক দল ৮৫ নম্বরে। ব্যবধান স্পট এখানেই। ফেভারিট হিসেবে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে লাতিন ও কনক্যাকাফ অঞ্চলের এই দুটি দল। ফিলাডেলফিয়ায় ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায়।
তার আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:
১০
দীর্ঘ ১০ বছর পর, আন্তর্জাতিক ফুটবলে দেখা হচ্ছে এই দুই দলের। সবশেষ তারা মুখোমুখি হয়েছিল ২০১৬ সালের জুনে।
৩-০
এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে ব্রাজিল ও হাইতির। সবকটি ম্যাচই জিতেছে ব্রাজিল।
১৭-১
দুই দলের তিনবারের দেখায় ব্রাজিল গোল করেছে মোট ১৭টি, হজম করেছে কেবল একটি।
১৯৭৪ ও ২০০৪ সালে দুটি প্রীতি ম্যাচে ব্রাজিল জিতেছিল যথাক্রমে ৪-০ ও ৬-০ গোলে। আর ২০১৬ সালে কোপা আমেরিকায় ফিলিপে কৌতিনিয়োর হ্যাটট্রিকে ৭-১ গোলে জয় পায় পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। আসন্ন ম্যাচের মতো সেটিও ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে।
ফ্লোরিডার ওই ম্যাচের কেবল দুজন আছেন ব্রাজিলের এবারের বিশ্বকাপ দলে- আলিসন ও মার্কিনিয়োস।
৪-০
৫৪ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি বিশ্ব মঞ্চে চার ম্যাচ খেলে সবকটি হেরেছে। ওই চার ম্যাচে তারা গোল হজম করেছে ১৫টি, নিজেরা করতে পেরেছে দুটি।
৯৮
বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি গোলে অবদান রেখেছেন ভিনিসিউস জুনিয়র (২টি গোল, ২টি অ্যাসিস্ট)। প্রতি ৯৮ মিনিটে একটি করে গোল অথবা অ্যাসিস্ট করেছেন রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড, যা সবশেষ দুটি বিশ্বকাপের ব্রাজিলের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
২
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল তাদের সবশেষ দুই ম্যাচে জিততে ব্যর্থ হয়েছে; ২০২২ সালে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হার ও এই বছর মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র। মাত্র একবারই তারা গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয়হীন ছিল, ১৯৭৪ ও ১৯৭৮ সালে (২টি ড্র, ১টি হার)।