Published : 26 Jun 2026, 04:25 PM
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে; যাকে ‘সোনা পাচারকারী’ বলছে বিজিবি।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বিজিবি বেনাপোল বিওপির টহলদল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানিয়েছেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
আটক সাহাব উদ্দিন সরদার (৪৪) যশোরের শার্শা উপজেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এক বার্তায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাহাব উদ্দিনকে আটক করা হয়। পরে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা সোনার বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
বিজিবি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দিন ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন। সেগুলো যশোর হয়ে সীমান্তবর্তী পুটখালী এলাকায় নিয়ে গিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।