Published : 08 Jul 2026, 05:08 PM
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন নরওয়ের কয়েকজন ফুটবলার। টানা ভ্রমণ, অনুশীলন ও উচ্চ-চাপের ম্যাচের ধকল খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে বলে মনে করছেন দলটির কোচ স্তলে সুরবাকেন।
নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে খেলবে নরওয়ে। মায়ামিতে আগামী ১২ জুলাই ৩টায় (এএম) ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুরবাকেন। তিনি জানিয়েছেন, অসুস্থতায় ভুগছেন নরওয়ের স্ট্রাইকার ইয়োর্গেন স্ত্রান্দ লারসেন। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে ভাঁজ পড়েছে কোচের কপালে।
“আমাদের মধ্যে আসলে কেবল ইয়োর্গেনেরই জ্বর এসেছে। তবে দলের মধ্যে অনেকেরই কাশি ও গলা বসে যাওয়ার সমস্যাও আছে। বিমানে, ড্রেসিংরুমে এয়ার কন্ডিশনিংয়ের প্রভাবও আছে।
“আমাদের বহরে (নরওয়ের ভ্রমণকারী দল) ৫০ জন মানুষ রয়েছে, তাই টুকটাক কোনো সমস্যা দেখা না দেওয়াটাই বরং অদ্ভুত হতো।”
অসুস্থতায় ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি নরওয়ের ডিফেন্ডার মার্কাস হোমেগ্রেন পেদারসেন। শেষ ষোলোর ওই ম্যাচে ২-১ গোলে জিতে ইতিহাস গড়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে।
২৫ বছর বয়সী পেদারসেন এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলেন। সুরবাকেনের মনে হচ্ছে, বিশ্বকাপের ধকলে প্রভাব ফেলেছে এই রাইট-ব্যাকের শরীরে।
“ডাক্তার না হয়েও আমার যা মনে হয়, এটি আসলে দুটো বিষয়ের সংমিশ্রণ- ছেলেটি এখনো তরুণ, বিশ্বকাপে এসে হয়তো ভেবেছিল ইউলিয়ান রেয়ারসনের বিকল্প হিসেবেই থাকবে। কিন্তু এরপর সে দুটি ম্যাচ খেলার সুযোগ পায় এবং দুর্দান্ত পারফর্ম করে।
“তার মাথা ও শরীর নতুন সব অভিজ্ঞতায় বুঁদ হয়ে ছিল, আর এরপরই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিছুটা ভেঙে পড়ে।”