Published : 23 Jun 2026, 10:12 PM
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে জর্ডানের ম্যাচ দেখতে এসে আম্মানের কেন্দ্রস্থলে পদদলনে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আট জন আহত হয়েছেন।
জননিরাপত্তা অধিদপ্তরের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জর্ডান বার্তা সংস্থা।
স্যান ফ্রান্সিসকোয় ‘জে’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার আলজেরিয়ার মুখোমুখি হয় জর্ডান। প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় তারা। টানা দুই হারে অভিষেক আসরে গ্রুপ পর্বেই দলটির বিদায় নিশ্চিত হয়ে যায়।
জর্ডান নিউজ এজেন্সির খবর অনুযায়ী, ম্যাচ দেখতে অনেক মানুষ জড়ো হন হাশমিত স্কয়ারে। সেখানেই প্রচণ্ড ভীড় ও তাদের চলাচলে পদদলনের ঘটনা ঘটে।
জরুরি উদ্ধারকারী দল আহত ৯ জনকে হাসপাতালে নিয়ে যান। তাদের একজন মারা গেছেন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত করবেন বিশেষজ্ঞরা।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে জর্ডান। তাদের ম্যাচ দেখতে রাজধানীজুড়ে জড়ো হন প্রচুর ভক্ত।