Published : 21 Jun 2026, 04:10 PM
দুই ম্যাচে জয়ে নেই একটিও, পয়েন্ট কেবল এক। তবুও হাল ছাড়তে নারাজ একুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসাধারণ কিছু করে বিশ্বকাপের পরের ধাপে খেলার আশায় আছেন দলটির কোচ সেবাস্তিয়ান বেক্কাচেচে।
বিশ্বকাপে রোববার বাংলাদেশ সময় সকালে কুরাসাওয়ের ওপর আক্রমণের ঝড় বইয়ে দিয়েও জিততে পারেনি একুয়েডর। গোলশূন্য ড্র করায় লাতিন আমেরিকার দলটির শেষ বত্রিশে খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।
স্রেফ এক পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে তৃতীয় স্থানে একুয়েডর। দুই ম্যাচের দুটি জেতায় পরের ধাপে খেলা নিশ্চিত হয়ে গেছে জার্মানির। আর আইভরি কোস্টও সেই সম্ভাবনায় এগিয়ে আছে তিন পয়েন্ট নিয়ে।
নকআউট পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে, নিজেদের শেষ গ্রুপ ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের হারানোর বিকল্প নেই একুয়েডরের। সেবাস্তিয়ান বললেন, নিজেদের কাজটি করে রাখতে চান তারা।
“জীবন আমাকে শিখিয়েছে, পরিশ্রম চালিয়ে যেতে হবে, সবসময় শিখতে হবে এবং চ্যালেঞ্জগুলো একসময় সুযোগে রূপ নেবে।”
“এখন কষ্ট পাওয়া কিংবা হতাশ হওয়ায়ই স্বাভাবিক। তবে এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। এখনও ১০০ মিনিট সময় আছে আমাদের হাতে। আর নিজেদের লক্ষ্য পূরণের জন্য মানসিকভাবে চাঙ্গা থেকে মাঠে নামব।”
কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচজুড়ে আধিপত্য করে একুয়েডর। কিন্তু তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ৩৭ বছর বয়সী ইলয় রুম। কুরাসাওয়ের এই গোলরক্ষক ১৫টি সেভ করে গড়েন রেকর্ড। বিশ্বকাপে ৯০ মিনিটে যা কোনো গোলরক্ষকের সর্বোচ্চ।
গোলের জন্য ২৮টি শট নেওয়া একুয়েডর রুমের বাধা এড়াতেই পারে শেষ পর্যন্ত। পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ে তারা। এমন ফলের দায় নিজের কাঁধেই নিচ্ছেন একুয়েডর কোচ।
“ফুটবলে এমন অনেক কিছু আছে, যা ব্যাখ্যা করা যায় না। এখন আমি যা-ই বলি, তার উল্টো প্রতিক্রিয়া আসতে পারে। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এর পুরো দায়ভার আমার।”
টানা ১৯ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ শুরু করেছিল একুয়েডর। দক্ষিণ আফ্রিকার বাছাই পর্বে দ্বিতীয় স্থানে ছিল তারা, শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একুয়েডরকে মনে করা হচ্ছিল এবারের আসরের ‘ডার্ক হর্স’, কিন্তু প্রথম দুই ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারল না তারা।
কুরাসাওয়ের বিপক্ষে হোঁচট খাওয়া দলকে আগলে রাখলেন সেবাস্তিয়ান, “এই দল যা পেয়েছে, তার চেয়ে বেশি প্রাপ্য ছিল তাদের।”
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় জার্মানির মুখোমুখি হবে একুয়েডর। একই সময়ে অন্য ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে কুরাসাও।