Published : 19 Jun 2026, 06:14 PM
তিউনিসিয়ার নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন এহভে হোনাহ। বিশ্বকাপে তাদের পরের প্রতিপক্ষ জাপান, যারা তার চোখে এশিয়ার সেরা দল।
এবারের বিশ্বকাপের শুরুটা ভীষণ বাজে হয়েছে তিউনিসিয়ার। প্রথম ম্যাচে তাদেরকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেন। ওই হারের কয়েক ঘণ্টা পরই কোচ সাবরি লামৌচিকে ছাঁটাই করে হোনাহকে দায়িত্ব দেয় তিউনিসিয়া।
পরের ধাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে তিউনিসিয়াকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আরও শক্তিশালী দল নেদারল্যান্ডস।
তিউনিসিয়ার দায়িত্ব নিয়েই অগ্নিপরীক্ষায় পড়েছেন হোনাহ, যার কোচিংয়ে ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। কিন্তু এবার তো নতুন দলের সঙ্গে বোঝাপড়ারই সময় পাননি হোনাহ। নতুন ঠিকানায় মানিয়ে নেওয়ার আগেই মাঠের লড়াইয়ে নামতে হবে তার।
আগামী রোববার বাংলাদেশ সময় সকালে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। প্রতিপক্ষ কতটা শক্তিশালী, ম্যাচের আগে তার একটা ধারণা দিয়ে রাখলেন হোনাহ।
“আমি এই দলটির মান সম্পর্কে খুব ভালো করেই জানি। জাপান এশিয়ার সেরা দল।”
নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ ড্র করে এবারের বিশ্বকাপ শুরু করেছে চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপান। দুই দফায় পিছিয়ে পড়েও সাহস ও দৃঢ় মানসিকতায় ম্যাচে ফিরেছে তারা। দলের ওই পারফরম্যান্সের এর ভূয়সী প্রশংসা করেছিলেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু।
পরের ম্যাচে স্বাভাবিকভাবেই জয়ের লক্ষ্য থাকবে জাপানের। নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের জন্য নেমেছিল দলটি, সেদিন ম্যাচের পর বলেছিলেন মরিয়াসু।
“এক পয়েন্ট নয়, আমাদের লক্ষ্য ছিল পুরো ৩ পয়েন্ট পাওয়া। তাই সেই দৃষ্টিকোণ থেকে ফলাফলটি অবশ্যই কিছুটা হতাশাজনক।”
‘এফ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে সুইডেন। জাপান ও নেদারল্যান্ডসের পয়েন্ট এক করে। টেবিলের তলানিতে থাকা তিউনিসিয়ার কোচ হোনাহ খুব ভালো করেই জানেন, পরের ম্যাচ তাদের টুর্নামেন্টে টিকে থাকার ভাগ্য নির্ধারণ করে দেবে।