Published : 19 Jun 2026, 02:57 PM
মেক্সিকোর বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে হেরে যাওয়ায় ভীষণ হতাশ হং মিয়ুং-বো। তবে এনিয়ে পড়ে থাকতে চান না দক্ষিণ কোরিয়া কোচ। দলের খেলোয়াড়দেরও হতাশা ভুলে সামনে তাকাতে বললেন তিনি।
গুয়াদালাহারায় শুক্রবার বাংলাদেশ সময় সকালে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে যায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধে সৌভাগ্যের গোলে ব্যবধান গড়ে দেন লুইস রোমো।
৫০তম মিনিটে ফাঁকা জালে বল পাঠান মেক্সিকোর এই মিডফিল্ডার। বল গ্লাভসে নিতে গিয়ে সামনে থাকা সতীর্থ লি গি-হিউকের সঙ্গে গোলরক্ষক কিম সুং-গিউ ধাক্কা খান। এতে হাত থেকে ফস্কে যায় বল, অনায়াসে জাল খুঁজে নেন সামনেই থাকা রোমো।
ম্যাচ শেষে ওই গোল নিয়ে আক্ষেপ ঝরে দক্ষিণ কোরিয়া কোচ মিয়ুং-বোর কণ্ঠে।
“যে গোলটি আমরা হজম করেছি, সেটা খুবই দুঃখজনক। তবে এনিয়ে হতাশায় ভেঙে পড়ার কিছু নেই। ফলাফল হতাশাজনক, তবে আমরা যে পরিকল্পনা করেছিলাম, খেলোয়াড়রা সেটা খুব ভালোভাবে বাস্তবায়ন করেছে।”
ঘরের মাঠে প্রথম ২০ মিনিট দক্ষিণ আফ্রিকার ওপর ছড়ি ঘোরায় মেক্সিকো। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ান সন হিউং-মিনরা।
“প্রথমার্ধের ২০ মিনিট পর্যন্ত গোল হজম না করা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ওই সময়টা খেলোয়াড়রা খুব ভালোভাবেই সামলে নিয়েছে।”
“এরপর ম্যাচের ছন্দ আমাদের দিকে চলে আসে। আক্রমণ ও ম্যাচ নিয়ন্ত্রণ উভয় দিকেই আমরা আধিপত্য করছিলাম।”
গোল হজমের জন্য গোলরক্ষক সুং-গিউকে সরাসরি দোষারোপ করতে নারাজ মিয়ুং-বো। সংঘর্ষের কারণে যে ভুলটি হয়েছে, সেটি তিনি এখনও পুনরায় পর্যালোচনা করেননি।
“ওই মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছিল, এবং আমার মনে হয় তার মধ্যেই ভুলটি হয়ে গেছে।”
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।