Published : 15 Jun 2026, 08:36 PM
‘এটা কষ্ট দিচ্ছে। কেননা, এই হার অন্যায্য’-এই এক কথায় একুয়েডর কোচ সেবাস্তিয়ান বেক্কাচেচে যেন হতাশা আর কিছুটা ক্ষোভ উগরে দিলেন। কোত দি ভোয়ার বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে, ১৯ ম্যাচের অপরাজিত যাত্রার এভাবে শেষ হওয়াটা মানতে পারছেন না এই আর্জেন্টাইন কোচ।
উত্তর আমেরিকা বিশ্বকাপে সোমবার ভোরে কোত দি ভোয়ার বিপক্ষে ১-০ গোলে হারে একুয়েডর। ম্যাচের শেষ দিকে ব্যবধান গড়ে দেন আমাদ জিয়ালো। তাতে থেমে যায়, একুয়েডরের দুর্দান্ত পথচলা, বিশ্বকাপ শুরু হয় হারের হতাশায়।
ম্যাচের গল্পটা বেক্কাচেচের প্রত্যাশা অনুযায়ী হতেই পারত। আক্রমণে আধিপত্য ছিল একুয়েডরের। গোলের সুযোগও তৈরি করেছিল তারা, কিন্তু জালে বল জড়ানোর অপরিহার্য কাজটিই করতে পারেনি ফরোয়ার্ডদের কেউ; তাদের তিনটি প্রচেষ্টা পোস্ট বা ক্রসবারে লাগে। বেক্কাচেচের তাই মনে হচ্ছে, ফুটবল কখনও কখনও প্রাপ্য ফল থেকে বঞ্চিত করে।
“এটা কষ্ট দিচ্ছে। কেননা, এই হার অন্যায্য। আমি মনে করি, দল খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে, সবচেয়ে পরিষ্কার সুযোগগুলো তৈরি করেছে এবং আমরা ম্যাচটা জিততেও পারতাম-এগুলো পরিষ্কারভাবে দেখানোর মতো যথেষ্ট জোরাল যুক্তি আমাদের রয়েছে। কিন্তু, একটি ভুলের জন্য আমরা কিছুই পেলাম না।”
“যখন কোনো দল (আক্রমণে) আধিপত্য করে এবং সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়, তখন সেটা প্রতিপক্ষকে এই অনুভূতির সুযোগ দেয় যে, ম্যাচ এখনও বেঁচে আছে। কখনই আমি অনুভব করিনি, কোত দি ভোয়া ম্যাচটা জিততে পারে। কিন্তু, আপনার কী প্রাপ্য, ফুটবলে সেটাই আসল কথা নয়। মূল বিষয় হলো সুযোগ কাজে লাগানো।”
দ্বিতীয়ার্ধে ফাউল করা কোত দি ভোয়ার গুয়েলা ডুইয়ের লাল কার্ড প্রাপ্য ছিল বলেও মনে করেন বেক্কাচেচে। রেফারি তা না দেওয়ায় অসন্তোষও ঝরল এই আর্জেন্টাইন কোচের কণ্ঠে।
“আমরা সবাই দেখলাম, এটা পরিষ্কার দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল এবং তার বহিষ্কার হওয়া উচিত ছিল। কিন্তু এই বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করি না। এগুলো আমাদের পীড়া দেয়, কিন্তু মেনে নিতে হয়।”
গ্রুপে পরের দুই ম্যাচে একুয়েডরের প্রতিপক্ষ কুরাসাও ও জার্মানি। জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করা কুরাসাওয়ের বিপক্ষে আগামী রোববার খেলবে একুয়েডর। বেক্কাচেচের আশা, পরের ম্যাচে আরও বেশি প্রত্যয় নিয়ে খেলা তাদের জন্য খুব জরুরি।
“যখন প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারবেন না, তখন দুর্ভাবনা হাজির হয়। এখন আমাদের আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি দৃঢ় প্রত্যয়, আস্থা ও আত্মবিশ্বাস প্রয়োজন।”