Published : 22 Jun 2026, 06:45 PM
জর্ডানের বিপক্ষে হারলে বিশ্বকাপের নকআউটে খেলার পথ কঠিন হয়ে যাবে আলজেরিয়ার জন্য। সম্ভাবনা তখন ঝুলবে অনিশ্চয়তার সুতোয়। অন্য দলের দিকে চেয়ে থাকতে হবে তাদের। তেমন কিছু হতে দিতে চান না দলটির কোচ ভ্লাদিমির পেতকোভিচ। জর্ডানকে হারিয়ে ভাগ্য নিজেদের হাতেই রাখতে চান তিনি।
‘জে’ গ্রুপের ম্যাচে স্যান ফ্রান্সিসকোয় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টায় মুখোমুখি হবে জর্ডান ও আলজেরিয়া। বিশ্বকাপের পরের ধাপে ওঠার আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হেরে আসর শুরু করেছে আলজেরিয়া। আর জর্ডান বিশ্ব মঞ্চে নিজেদের অভিষেক ম্যাচে অস্ট্রিয়ার কাছে হেরেছে ৩-১ ব্যবধানে।
দুই দলের এই লড়াইয়ের আগে ‘জে’ গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার রাতের এই ম্যাচটি যদি ড্র হয়, তাহলে জর্ডানের বিপক্ষে জয়ের বিকল্প থাকবে না আলজেরিয়ার।
আপাতত সেসব সমীকরণ নিয়ে ভাবতে নারাজ পেতকোভিচ। জর্ডানের বিপক্ষে জেতা ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না তিনি।
“একটা বিষয় নিশ্চিত, আমরা চেষ্টা করব এবং চাই, আমাদের ভাগ্য নিজেদের হাতেই থাকে। সেই অনুযায়ী যেন খেলতে পারি।”
এবারের আগে ২০১৪ সালে বিশ্বকাপ খেলেছিল আলজেরিয়া। সেবার তারা শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল। এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গড়া দলটি আবারও নকআউট পর্বে জায়গা করে নেওয়ার আশায় আছে।
পেতকোভিচের মতে, আর্জেন্টিনার বিপক্ষে মোটেও খারাপ খেলেনি তার দল। জর্ডানের বিপক্ষে ম্যাচকে নিজেদের সেরাটা মেলে ধরার সুযোগ হিসেবে দেখছেন তিনি।
“আমরা ভালো খেলেছিলাম, কিন্তু লিওনেল মেসির একক নৈপুণ্যের কাছে আমরা হেরেছি… আমরা সবাই জানি, ওই ম্যাচটি এমন ছিল না যা যেকোনো মূল্যে জিততেই হতো। খেলোয়াড়দের মাঠে নামার, ভালো করার এবং যতদিন সম্ভব যুক্তরাষ্ট্রে থাকার প্রবল আগ্রহ রয়েছে।”