Published : 15 Jun 2026, 08:57 PM
শক্তি-সামর্থ্য কিংবা ফুটবল ঐতিহ্য, সব দিক থেকেই উরুগুয়ের চেয়ে যোজন-যোজন পিছিয়ে সৌদি আরব। সেসব নিয়ে অবশ্য ভাবছেন না দলটির কোচ গিওর্গিওস দনিস। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলতে চান তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সৌদি আরব। ২০২২ আসরে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। এবার লাতিন আমেরিকার আরেক দলকে হারানোর লক্ষ্য দলটির।
‘এইচ’ গ্রুপের অন্য দুই দল স্পেন ও নবাগত কেপ ভার্দ। এই গ্রুপ থেকে পরের ধাপে যাওয়ার বাস্তবিক সম্ভাবনা আছেন স্পেন ও উরুগুয়ের। তবে এবারের বিশ্বকাপ ৪৮ দলের হওয়ায় বেড়েছে একটি রাউন্ড; শেষ বত্রিশের টিকেট পাবে গ্রুপ পর্বের তৃতীয় সেরা আটটি দলও।
তাই সেই আশা বাঁচিয়ে রাখতে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্রয়ের পথে হাঁটার পরিকল্পনা করতেই পারে সৌদি আরব। তবে দনিসের ভাবনা একদমই ভিন্ন। রক্ষণাত্মক কৌশলের ফুটবল খেলতে নারাজ তিনি।
দনিস বললেন, ‘নিষ্ক্রিয় বসে থাকা’ তার ফুটবল দর্শনের পরিপন্থী। তাই ড্র নয়, জয়ের জন্যই দলকে মাঠে পাঠাবেন তিনি।
“আমরা প্রতিপক্ষকে আক্রমণ করতে প্রস্তুত। সুসংগঠিত রক্ষণভাগের বিপক্ষে খেলতে প্রস্তুত। পাল্টা-আক্রমণের জন্য এবং নিজেরা সুযোগ তৈরি করতেও তৈরি আমরা।”
“ম্যাচ কীভাবে এগোবে, সেটা আগে থেকে বলতে পারি না। তবে আমরা এমন কোনো দল প্রস্তুত করছি না, যারা কেবল নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে এবং জবাব দেওয়ার জন্য প্রতিপক্ষের পদক্ষেপের অপেক্ষা করবে। আমরা এমন একটি দল গড়ে তুলছি, যারা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে।”