Published : 25 Jun 2026, 09:33 PM
শীর্ষে থেকে নকআউটে জায়গা নিশ্চিত হয়ে গেছে। তাই হলুদ কার্ড পাওয়া চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চান না মাওরিসিও পচেত্তিনো। তুরস্কের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাদেরকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল আটটায় মাঠে গড়াবে ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ড। লস অ্যাঞ্জেলসে তুরস্কের মুখোমুখি হবে এবারের আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। একই সময়ে স্যান ফ্রান্সিসকোতে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ও প্যারাগুয়েকে হারিয়ে গ্রুপের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। আসছে ম্যাচে তাদের প্রতিপক্ষ তুরস্ক দুই ম্যাচই হেরে ছিটকে পড়েছে বিশ্বকাপ থেকে। তাই দুই দলের জন্যই ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
একাদশে অনেক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলেও, ম্যাচ জয় ছাড়া কিছু ভাবছেন না পচেত্তিনো। সাফ জানিয়ে দিয়েছেন, দলে যাদেরকে সুযোগ দেওয়া হবে, তাদেরও যেমন তাড়না থাকতে হবে তেমনি সর্বোচ্চটা উজাড় করে খেলার মানসিকতাও থাকতে হবে।
হলুদ কার্ড পাওয়া ডিফেন্ডার ক্রিস রিচার্ডস ও অ্যান্টোনি রবিনসন, মিডফিল্ডার টাইলার অ্যাডামস এবং ফরওয়ার্ড ফোলারিন বালোগানকে শুরুর একাদশের বাইরে রাখবেন পচেত্তিনো। তাদের তুরস্কের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।
আরেকটি হলুদ কার্ড দেখলে পরের গুরুত্বপূর্ণ ম্যাচে নিষিদ্ধ হতে পারেন এই ফুটবলাররা। শুধু তাই নয়, কার্ডের খড়গ মাথায় থাকলে খেলোয়াড়রা মাঠে নিজেদের চেনা আক্রমণাত্মক রূপটা হারিয়ে ফেলতে পারেন। এসব দিক বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পচেত্তিনো।
“আমার মনে হয়, এটি বেশ স্বাভাবিক এবং সহজ একটা সিদ্ধান্ত যে তাদেরকে আমরা শুরু থেকে নামাচ্ছি না। অবশ্যই আমরা পরের ধাপে খেলা নিশ্চিত করেছি, তবে মাঠে আমরা জয়ের জন্যই নামব।”
আসরের প্রথম ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিক। দলের পরের ম্যাচে তাকে খেলাননি তিনি। এখন পুরোপুরি ফিট এসি মিলানের এই ফুটবলার। তবে তাকে তুরস্কের বিপক্ষে শুরুর একাদশে খেলানো হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।