Published : 15 Jun 2026, 01:34 AM
আগের দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া জার্মানি এবার শুরুটা করল ভয়ঙ্কর রূপে। তাতে বিধ্বস্ত হলো ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নবাগত কুরাসাও। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে ছোট দেশটিকে গোল বন্যায় ভাসিয়ে, এই মঞ্চে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নতুন করে লিখল জার্মানরা।
হিউস্টনে রোববার ‘ই’ গ্রুপের ম্যাচটি ৭-১ গোলে জিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করাদের তালিকায় শীর্ষে উঠেছে জার্মানি, এক ধাপ নিচে নেমে গেছে ব্রাজিল।
বিশ্বকাপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মোট গোল এখন ২৩৯টি। এতদিন ২৩৮ গোল নিয়ে শীর্ষে ছিল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
অসাধারণ রেকর্ডটি গড়ার দিনে ইউলিয়ান নাগেলসমানের দলের হয়ে জালের দেখা পেয়েছেন ছয় জন খেলোয়াড়।
ফিলিক্স মেচার গোলে পিছিয়ে পড়া কুরাসাওকে সমতায় ফেরান লিভানো কমেনেন্সিয়া। তবে প্রথমার্ধেই জার্মানি দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় নিকো শ্লটারবেক ও কাই হাভার্টজের লক্ষ্যভেদে।
বিরতির পর ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উন্দাভ। শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করেন হাভার্টজ।