২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 15 Jun 2026, 05:22 PM
ইরানের বিপক্ষে ম্যাচ, স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এলো যুদ্ধ, বৈশ্বিক রাজনীতিসহ নানা জটিল-কুটিল বিষয়। নিউ জিল্যান্ড কোচ ড্যারেন বেইজলি বললেন, মাঠের বাইরের বিষয়গুলোর কোনো বিশেষ গুরুত্ব নেই তার কাছে। তার ভাবনা জুড়ে কেবল ফুটবল এবং ইরান ম্যাচ।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ইরান ও নিউ জিল্যান্ড। এমন এক সময় দুই দল মাঠে নামার অপেক্ষায়, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তির খবর এসেছে।
স্বাভাবিকভাবে যুদ্ধ, রাজনীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো বেইজলিকেও। নিউ জিল্যান্ড কোচ বললেন, রাজনীতির দিকে মনোযোগ না নিয়ে তিনি মনোনিবেশ করতে চান মাঠের লড়াইয়ের প্রস্তুতি সেরে নিতে। ১৬ বছর পর বিশ্বমঞ্চে ফেরার উপলক্ষ্য তিনি রাঙিয়ে রাখতে চান জয়ে।
“সত্যি বলতে, এই ম্যাচটিকে আমরা আর সব স্বাভাবিক ম্যাচের মতোই দেখছি। অন্যসব আন্তর্জাতিক ম্যাচে যেভাবে আমরা প্রস্তুতি নিই, ইরান ম্যাচের জন্যও একইভাবে প্রস্তুতি নিয়েছি। এই ম্যাচের জন্য আলাদা কিছুই করিনি আমরা। এটা আমাদের জন্য বড় ম্যাচ। কেননা, এটা বিশ্বকাপের ম্যাচ এবং আমরা সবাই বিশ্বকাপে ভালো করতে চাই।”
মাঠে তেরেমি, গ্যালারিতে ইরানি সমর্থকরাও ‘প্রতিপক্ষ’ হয়ে উঠতে পারে নিউ জিল্যান্ডের। কেননা, লস অ্যাঞ্জেলসে প্রবাসী ইরানিদের সবচেয়ে বড় অংশের বাস। অবশ্য, কত জন তারেমিদের জন্য গ্যালারিতে গলা ফাটাতে আসবে, কত জন বাইরে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করবে, তা নিয়ে আছে প্রশ্ন। এসব নিয়েও ভাবছেন না উড। নিউ জিল্যান্ড অধিনায়কও সুর মেলালেন কোচের কণ্ঠে।
“আমরা সবাই ফুটবলেই মনোযোগ দিচ্ছি। সাদা দাগ পেরিয়ে যখন আপনি মাঠে ঢুকবেন, তখন বাইরের কোনো কিছুই আর গুরুত্ব বহন করে না।”
“সব খেলোয়াড়ই গ্যালারি ভর্তি দর্শক এবং জমজমাট আবহে খেলতে পছন্দ করে। এজন্যই আমরা বিশ্বকাপে এসেছি। এখানে আসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি আমরা। টুর্নামেন্ট শুরু করতে উন্মুখ হয়ে আছি।”