গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্কুল থেকে মেয়েকে আনতে যাওয়ার পথে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান।
নিহত শারমিন বেগম (২৬) ওই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, দুপুরে শারমিন বেগম তার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোস্তফা আল হুসাইন বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শারমিন বেগমকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়।
কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
