Published : 17 Jun 2026, 09:19 PM
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক থাকার দাবি করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ।
বুধবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে তাদের কোম্পানি।
বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত দারাজের বিনিয়োগ ও পরিচালনা সংক্রান্ত কিছু খবরের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের বর্তমান কৌশলগত অগ্রাধিকার কিংবা দৈনন্দিন কার্যক্রমের প্রতিফলন নয়। পরিচালন দক্ষতা ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে প্রযুক্তিনির্ভর সমাধানে বিনিয়োগ অব্যাহত রেখেছে দারাজ।
বিজ্ঞপ্তিতে একজন মুখপাত্রের বরাতে দারাজ বাংলাদেশ বলেছে, “দারাজ বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
“ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে আমাদের সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করি, যাতে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য বজায় থাকে।”