অনুশীলনের ফাঁকে বক্সিংও করলেন এমবাপে!
মরক্কো ম্যাচের প্রস্তুতিতে নেমে সতীর্থের সঙ্গে মজাও করলেন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড।
প্রতিপক্ষ মরক্কো বলেই কি এতটা নির্ভার কিলিয়ান এমবাপে? নাকি বরাবরই এমন আমুদে তিনি? কাতার বিশ্বকাপের সেমি-ফাইনাল সামনে রেখে এই ফরাসি ফরোয়ার্ড প্রস্তুতিতে ধরা দিলেন নানা রূপে। পাসিং, শুটিংয়ে মনোযোগী থাকলেন। আবার সতীর্থের সঙ্গে মজা করে বক্সিংও করলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে শিরোপাধারীরা। দিদিয়ে দেশমের দল দোহায় নোঙর ফেলেছে মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে। অবিশ্বাস্য পথচলায় স্পেন, পর্তুগালকে ছিটকে দিয়ে সেরা চারের মঞ্চে উঠে আসা ‘এটলাস-লায়ন’ মরক্কোর সামনে আরও ইতিহাস গড়ার হাতছানি।
ফাইনালে ওঠার লড়াই সামনে রেখে দোহার বিখ্যাত আল সাদ ক্লাব মাঠে প্রস্তুতি সেরেছে ফ্রান্স দল। শেষ সময়ের প্রস্তুতি বলে সবকিছুতে বড্ড কড়াকড়ি। ফটোগ্রাফার ছাড়া বাকিদের ছবি তুলতে বারণ, ভিডিও করা যাবে না। ১৫ মিনিটে যা দেখার দেখে নিতে হবে।
প্রস্তুতির এই শুরুর দিকটায়ও লুকোছাপার শেষ নেই নেই দেশমের। দলবল নিয়ে মাঠের এক কোণায় গেলেন, যেন গণমাধ্যমের দৃষ্টি থেকে যতটা সম্ভব দূরে থাকা যায়! অঁতোয়ান গ্রিজমান, এমবাপেদের দেখা গেল শুরুতে রানিং সেরে গা গরম করে নিতে।
মাঠের ভেতরে পোস্ট বসানো পাঁচটি। ডামিম্যান সাজানো হয়নি তখনও। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু কোণ এবং স্ট্যান্ড। বোঝা গেল এই পনের মিনিটে পরিকল্পনার ছিটেফোঁটাও কাউকে বুঝতে দিতে চান না ফরাসি কোচ।
মাঠের কোণা থেকে একটু বেরিয়ে এসে কিছুক্ষণ পাসিং প্র্যাকটিস চলল। দলের মধ্যে যে স্বস্তির বাতাস বইছে, তা ফুটে উঠল অনুশীলনের এই পর্বেও। অল্প-স্বল্প পাসিং সেরে নেওয়া শিষ্যদের মাঝমাঠে ডাকলেন কোচ। তখনই দেখা মিলল ওই দৃশ্যের।
জুল কুন্দের কাছে গেলেন এমবাপে। দুই হাতে বজ্র মুষ্টি পাকিয়ে কৃত্রিম বক্সিং শুরু করলেন। এমবাপের বক্সিংয়ের অঙ্গভঙ্গি দেখে হাসতে শুরু করলেন বাকিরা। দেশম ফের হাঁক ছাড়তেই বক্সিং শেষ করে তিনি ফিরে গেলেন অনুশীলনে।
ততক্ষণে অফিসিয়ালরাও তাগাদা দিতে শুরু করেছেন নির্ধারিত ১৫ মিনিট শেষের। কিন্তু প্রস্তুতি ওই ছবিটাই বুঝিয়ে দিল ফরাসি দলের আবহ, এমবাপেও কেমন আছেন। ২০১৮ বিশ্বকাপে আলো ছড়ানো এই তরুণ এবার এসেছেন টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। এরই মধ্যে দলের দুর্দান্ত পথচলায় ছড়িয়েছেন পাঁচ গোলের সৌরভ। ক্রোয়েশিয়া ম্যাচে এক গোল করে এমবাপের পাঁচ গোল ছুঁয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
এবারের আসরে এখন পর্যন্ত ৫টি করে গোল কেবল এই দুজনের। তাতে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াইও। মরক্কো ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারলে পিএসজি সতীর্থ মেসিকে আবারও পেছনে ফেলবেন এমবাপে।
সেরা চারের লড়াইয়ে অবশ্য এমবাপেকে লড়তে হবে আরেক পিএসজি সতীর্থ আশরাফ হাকিমির। মরক্কোর রক্ষণ আগলে রাখার ভার থাকবে ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারের উপর। ক্লাব পর্যায়ে জানাশোনা আছে বলে আফ্রিকার দলটির কোচ ওয়ালিদ রেগরাগি হাকিমির কাঁধে সঁপে দিতে পারেন এমবাপেকে আটকানোর গুরুদ্বায়িত্ব।
হাকিমি অবশ্য বলে রেখেছেন বন্ধুত্বকে এক পাশে রেখে দেশের জন্য লড়বেন। নিশ্চিতভাবেই বলা যায় একই কাজ করবেন এমবাপে। ফ্রান্সের ভার টানতে তিনি প্রস্তুতি নিলেন নির্ভার থেকে।
