২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে ক্রোয়েশিয়া-জাপান লড়াই

বিশ্বকাপে শেষ ষোলোয় এখন পর্যন্ত হারেনি ক্রোয়েশিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2022, 08:15 PM

Updated : 03 Dec 2022, 08:15 PM

রাশিয়া আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার এবারের বিশ্বকাপে শুরুটা ভালো হয়েছে। নিজেদের গ্রুপে অপরাজিত থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ক্রোয়াটরা। বিশ্ব সেরার মঞ্চে আরেক একধাপ এগিয়ে যেতে তাদের সামনে বাধা জাপান। বৈশ্বিক আসরে এশিয়ার দলটি কখনও কোয়ার্টার-ফাইনাল খেলেনি। 

আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে আগামী সোমবার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও জাপান। খেলা শুরু হবে  বাংলাদেশ সময় রাত ৯টায়। বিশ্বকাপে এই দুই দলের এটি হবে তৃতীয় ম্যাচ। 

ম্যাচটির আগে দেখে নেওয়া যাক দুই দলের আরও কিছু পরিসংখ্যান। 

* বিশ্বকাপে নিজেদের সবশেষ ১০ ম্যাচের নয়টিতে অপরাজিত ক্রোয়েশিয়া। তাদের একমাত্র হার ফ্রান্সের বিপক্ষে, ২০১৮ বিশ্বকাপের ফাইনালে (৪-২)। এবারের আসরে ‘এফ’ গ্রুপে থাকা ক্রোয়াটরা তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলোর টিকেট পেয়েছে। 

* ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জাপান। প্রথম ম্যাচে জার্মানিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার কাছে হেরে যায় তারা৷ গ্রুপের শেষ ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারায় এশিয়ার দলটি। এর আগে তিন বার (২০০২, ২০১০ ও ২০১৮) শেষ ষোলোয় খেলা জাপান এখন পর্যন্ত কোয়ার্টার-ফাইনালে খেলেনি। 

* বিশ্বকাপে শেষ ষোলোয় কখনও হারের স্বাদ পায়নি ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে রোমানিয়াকে ১-০ গোলে হারায় তারা। এরপর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ১-১ গোলে সমতার পর ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা নেয় লুকা মদ্রিচের দল। 

* ক্রোয়েশিয়ার বিপক্ষে ডিফেন্ডার কো ইতাকুরাকে পাবে না জাপান। গ্রুপ পর্বে দুটি হলুদ কার্ড দেখে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। গ্রুপে এশিয়ার দলটির পুরো তিন ম্যাচে খেলা তিনজন খেলোয়াড়ের একজন ইতাকুরা। 

* ১৯৯৭ সালের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও জাপান। এর দুটি বিশ্বকাপে। দুই দলের একমাত্র প্রীতি ম্যাচে ৪-৩ গোলে জিতেছিল এশিয়ান দেশটি। ১৯৯৮ বিশ্বকাপে ১-০ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া। ২০০৬ আসরে দুই দলের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল।