২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়েকে হারিয়ে জার্মানি তৃতীয়

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তৃতীয় হলো জার্মানি। শনিবার তীব্র উত্তেজনাপূর্ণ তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জার্মানি ৩-২ গোলে হারায় উরুগুয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 07:21 PM

Updated : 25 Aug 2022, 01:37 PM

পোর্ট এলিজাবেথ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তৃতীয় হলো জার্মানি। শনিবার তীব্র উত্তেজনাপূর্ণ তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জার্মানি ৩-২ গোলে হারায় উরুগুয়েকে। জার্মানিকে ১৮ মিনিটে এগিয়ে নেন টমাস মুলার। ২৮ মিনিটে গোল শোধ করেন উরুগুয়ের এডিসন কাবানি। ৫১ মিনিটে উরুগুয়েকে এগিয়ে নেন দিয়েগো ফোরলান। আবার ৫৬ মিনিটে সমতায় ফেরান মারসেল ইয়ানসেন। অবশেষে ৮২ মিনিটে সামি খেদিরা জয়সূচক গোলটি করেন। নিজেদের মাটিতে ২০০৬ সালের বিশ্বকাপেও জার্মানি তৃতীয় হয়েছিল পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে। জার্মানির প্রথম একাদশে ছিলেন না অধিনায়ক ফিলিপ লাম। চোটের কারণে ছিলেন না মিরোস্লাভ ক্লোসাও। তাই দলে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ জোয়াকিম লো। তবে জার্মানদের খেলায় গতির কোনো কমতি ছিল না। উরুগুয়ের হয়ে এ খেলায় মাঠে নামেন অধিনায়ক দিয়েগো লুগানো। খেলতে দেখা যায় ঘানার বিপক্ষে ম্যাচে লালকার্ড দেখা লুইস সুয়ারেজকেও। আর ফোরলান তো ছিলেনই। তাই উরুগুয়েও সমানতালে লড়েছে জার্মানির সঙ্গে। খেলার প্রথম পাঁচ মিনিটে কোনো দলই পরিকল্পিত আক্রমণ চালাতে পারেনি। তাই গোলের সুযোগও তৈরি করতে পারেনি। ৭ মিনিটে জার্মানির বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় উরুগুয়ে। শট নেন ফোরলান। কিন্তু বল চলে যায় গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে। দশ মিনিটে কর্নার পায় জার্মানি। মেসুট ওজিলের কর্নারে 'হেড' করেন আর্নে ফ্রেডরিখ। কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসে। তবে ১৮ মিনিটে এগিয়ে যায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রায় ৩০ গজ দূর থেকে উরুগুয়ের গোলে প্রচণ্ড শট নেন শোয়াইন্সটিগার। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা প্রথম অবস্থায় ফিরিয়ে দেন। কিন্তু বল চলে যায় টমাস মুলারের পায়ে। গোল করতে কোনো অসুবিধা হয়নি তার। মুলারের এটি পঞ্চম গোল। উরুগুয়ে গোল শোধ করে ২৮ মিনিটে। শোয়াইন্সটিগারের কাছ থেকে বল কেড়ে নেন উরুগুয়ের দিয়েগো পেরেজ। তিনি সেটি বাড়িয়ে দেন লুইস সুয়ারেজকে। সুয়ারেজ বক্সের ভেতরে ঠেলে দেন এডিসন কাবানিকে। আর মাটি কামড়ানো শট নেন কাবানি। গোলরক্ষক বুঝে ওঠার আগেই বল আশ্রয় নেয় জালে। প্রথমার্ধের ৪১ মিনিটেই এগিয়ে যেতেই পারত উরুগুয়ে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি সুয়ারেজ। তার শট গোলপোস্টের ঠিক বাইরে দিয়ে চলে যায়। বিরতি পর্যন্ত খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতেই আক্রমণ চালায় উরুগুয়ে। ৪৭ মিনিটে কাবানির শট ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক। ফিরতি বলে সুয়ারেজ আবার শট নেন। কিন্তু কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন হ্যান্স। এর চার মিনিট পরই খেলায় এগিয়ে যায় উরুগুয়ে। ডানপ্রান্ত থেকে চমৎকারভাবে আড়াআড়িভাবে বল ঠেলে দিয়েছিলেন এজিদিও আরেভালো। বল পেয়েই তীব্র শট নেন ফোরলান। বলও জড়িয়ে যায় জালে। বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল। এই এগিয়ে যাওয়া মাত্র পাঁচ মিনিট ধরে রাখতে পেরেছিল উরুগুয়ে। কারণ ৫৬ মিনিটেই সমতা ফেরায় জার্মানি। জেরোম বোয়েটাংয় হাওয়ায় ভাসিয়ে আড়াআড়িভাবে বল ফেলেন উরুগুয়ের গোলমুখে। মার্সেল ইয়ানসেন মাথা দিয়ে বল জড়িয়ে দেন জালে। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। উরুগুয়ের গোলে শট নেন কাকাও। কিন্তু বলটি পোস্টের ওপর দিয়ে চলে যায়। ৭৩ মিনিটে শোয়াইন্সটিগারের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন উরুগুয়ের গোলরক্ষক। তবে ৮২ মিনিটে ফের এগিয়ে যায় জার্মানি। কর্নার-শট নিয়েছিলেন ওজিল। তা থেকে সৃষ্ট জটলা থেকে 'হেড' করে গোল করেন সামি খেদিরা। অতিরিক্ত সময়ের (৯০ ) শেষ মিনিটে ফোরলানের শট জার্মানির পোস্টে লেগে ফিরে আসার পরপরই রেফারি খেলা শেষের বাঁশি বাজান। ৩-২ গোলে জিতে বিশ্বকাপে ফের তৃতীয় হয় জার্মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০২৫১ ঘ.