জোহানেসবার্গ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ জিততে সেরা পারফরমেন্সের সঙ্গে ভাগ্যেরও সামান্য সহায়তা দরকার বলে বিশ্বাস করেন ব্রাজিলের মাঝমাঠের সেনাপতি কাকা।
দারুন ইশ্বরভক্ত কাকার মতে, চুড়ান্ত লক্ষ্যে পৌছাতে শুধু সেরাটা খেলাই যথেষ্ট নয়, ভাগ্যদেবীর ইশারাও চাই। '২০০৬ সালের কোয়ার্টার ফাইনালে আমরা ১-০ গোলে হেরে গিয়েছিলাম ফ্রান্সের কাছে। যেটা কেউ ভাবতেও পারেনি। অথচ আমাদের দলে প্রতিভার কোনো অভাব ছিল না। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি'- বলেছেন ২৮ বছর বয়সী এই তারকা।
তাই কাকার পরিস্কার কথা বিশ্বকাপ জিততে সেরা প্রস্তুতি নেয়ার পাশাপাশি শেষ ধাপে পৌছাতে দরকার ভাগ্যও। সেজন্যই যে কোনো ম্যাচের আগে ইশ্বরের কাছে প্রার্থনা করতে ভুল করেন না তিনি।
ব্রাজিলের সেই চিরপরিচিত 'সুন্দর ফুটবল' থেকে সরে আসাতে কোচ কার্লোস ডুুুুুুুুুুুুুঙ্গার যে সমালোচনা হচ্ছে তারও জবাব দিয়েছেন কাকা। বলেছেন 'ডুঙ্গা যখন দায়িত্ব নিয়েছিলেন তখন অনেকেই সন্দিহান ছিলেন তার সাফল্য নিয়ে। তার জবাব তিনি দিয়েছেন কোপা আমেরিকা এবং কনফেডারেশন কাপ জিতে। তাই বিশ্বকাপেও ডুঙ্গার ওপর রয়েছে খেলোয়াড়দের শতভাগ আস্থা।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৭৩৫ ঘ.
bdnews24