২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালকে হারিয়ে শিরোপাভাগ্য নিজেদের হাতে নিতে চান গুয়ার্দিওলা

তবে এই ম্যাচকে প্রিমিয়ার লিগের ‘নির্ণায়ক’ হিসেবে দেখছেন না ম্যানচেস্টার সিটির কোচও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 10:18 PM

Updated : 26 Apr 2023, 12:15 AM

বলতে গেলে ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচটি প্রিমিয়ার লিগের ‘নির্ণায়ক’। দুই কোচও নিজেদের মতো করে প্রতিপক্ষকে ঘায়েল করার ছক কষছেন। কিন্তু সংবাদ সম্মেলনে দুজনের প্রকাশের ভঙ্গি একেবারেই ভিন্ন। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা যেখানে এ ম্যাচের ফলে সবকিছুর ‘শেষ’ দেখছেন না, সেখানে সিটি কোচ পেপ গুয়ার্দিওলার ভাবনা, এ ম্যাচে জয়ী দলের হাতেই থাকবে শিরোপা ভাগ্য!

টেবিলের শীর্ষ দুই দল বুধবার মুখোমুখি হবে ইতিহাদ স্টেডিয়ামে। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে গানারদের কাঁধে শ্বাস ফেলছে সিটি।

হাইভোল্টেজ ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মানছেন আর্তেতা, কিন্তু লিগ শিরোপার নির্ণায়ক মানতে রাজি নন তিনি। অন্যদিকে, গুয়ার্দিওলা এতটা পথ পেরিয়ে আসার মানে খুঁজে নিতে চান এ ম্যাচের ফল দিয়েই।

সিটি আছেও দুর্দান্ত ফর্মে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচ অজেয় তারা, এর মধ্যে ১৩টি জয়, বাকি তিনটিতে ড্র। চলতি মৌসুমে ট্রেবল জয়ের পথে দারুণ গতিতে ছুটছে তারা। এরই মধ্যে দলটি উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ও এফএ কাপের ফাইনালে।

আর্সেনালের চেয়ে টেবিলে ৫ পয়েন্টের দূরত্ব আছে বটে, কিন্তু সিটির হাতে দুটি বাড়তি ম্যাচও আছে। দুটিতে জিতলে তারা টপকে যাবে লন্ডনের দলটিকে। তবে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচটি নিয়ে এখনই ভাবছেন না গুয়ার্দিওলা। তার পুরো মনোযোগ আর্সেনাল ম্যাচ ঘিরে। এ ম্যাচটিকে তিনি দেখছেন ‘ফাইনাল’ হিসেবে।

“এখন আমরা জানি, ঠিক কী জন্য আমরা খেলছি। ট্রফির লড়াইয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে। এটা আর্সেনালের হাতেও আছে; কেননা, তারা জিতলে তাদের উপর নির্ভর করবে- শিরোপা ভাগ্য তাদের হাতে থাকবে-যদি আমরা জিতি, তাহলে আমাদের হাতে থাকবে।”

একে তো সিটির ঘরের মাঠে ম্যাচ, তারওপর পরিসংখ্যানও তাদেরকে যোগাচ্ছে আত্মবিশ্বাসী হওয়ার রসদ। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত দেখায় আর্সেনালকে হারিয়েছে তারা। সবশেষ তাদের বিপক্ষে ইতিহাদে সিটি হেরেছিল সেই ২০১৫ সালে।

অবশ্য একটা জায়গায় আর্তেতার মতের সঙ্গে গুয়ার্দিওলার কিছুটা মিল প্রকাশ পেয়েছে। তার দৃষ্টিতেও এই দ্বৈরথ ‘খুব গুরুত্বপূর্ণ’, তবে শিরোপা নির্ণায়ক না।।

“এই অবস্থায় আসতে পেরে সত্যিই ভালো লাগছে। প্রিমিয়ার লিগের প্রথম ধাপে আর্সেনাল যা করেছে, তাতে আমরা যে এখানে আসব, সেটা ওই মুহূর্তে ভাবা কঠিন ছিল।”

“তাই এটি, আসলেই গুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা, আমরা পয়েন্ট পেতে পারি এবং এই মৌসুমে আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ পয়েন্ট হারাতে পারে…কিন্তু এখনও দুই দলের অনেক কঠিন ম্যাচ বাকি আছে। আমাদের আরও বেশি ম্যাচ খেলার বাকি রয়েছে, কিন্তু এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অস্বীকার করতে পারি না।”

গুয়ার্দিওলার আগে সংবাদ সম্মেলনে এসে আর্তেতা বলেছিলেন, বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটিকে হারাতে হলে বল নিয়ে প্রতিটি মুহূর্ত তাদের ‘নিখুঁত’ হতে হবে। গুয়ার্দিওলা অবশ্য বিষয়টি সেভাবে দেখেন না।

“ফুটবলে নিখুঁত পারফরম্যান্স বলতে কিছু নেই। যেভাবে আর্সেনাল এতগুলো দলের বিপক্ষে খেলেছে, তাদের বিপক্ষে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আসলেই ভালো ফুটবল খেলতে হবে।”

“এই ধরনের ম্যাচগুলোতে আমরা তীব্রভাবে অনেক কিছু করার সিদ্ধান্ত নেই; ভীষণ আগ্রাসী হতে চাই, জায়গা তৈরি করতে চাই। (আমি মনে করি) চাপের মুহূর্তে বল পায়ে রাখার যে মান (দুই দলের) খেলোয়াড়দের আছে, তাতে এ ম্যাচে কোনো একক দলের ৬৫ থেকে ৭০ শতাংশ বল পজেশন থাকবে না।”