দল ছেড়ে গিয়ে রোনালদো বললেন, ‘পরে কারণ জানাব’
‘কোচের সঙ্গে রোনালদোর সম্পর্কে অবনতি’- সারাদিনে এমন খবর চাউর হওয়ার পর এলো তার দল ছেড়ে যাওয়ার খবর।
‘দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো’, ‘কোচের সঙ্গে রোনালদোর সম্পর্কে অবনতি’- সারাদিনে এমন নানা গুঞ্জন ডালপালা মেলল। দিন শেষে নিজেই ঘটনা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জানা গেল, সত্যিই ম্যাচের আগের দিন অনুশীলন করেননি তিনি, জাতীয় দলের ক্যাম্প ছেড়েও চলে গেছেন।
উয়েফা নেশন্স লিগে বৃহস্পতিবার স্বাগতিক ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়।
ম্যাচের প্রস্তুতির জন্য বুধবার কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে অনুশীলন করে পর্তুগাল দল। পর্তুগালের পত্রিকা আ বোলার সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে রোনালদোকে এফপিএফ গাড়িতে চড়ে স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায়।
অনুশীলন শুরুর অনেক আগে থেকেই রোনালদোকে নিয়ে নানা খবর আসতে থাকে। তিনি নাকি অনুশীলন করতে রাজি হননি। আগের দুই দিনও নাকি তিনি অনুশীলন করেননি। এসব খবরের মাঝে সংবাদ সম্মেলনে এসে কোচ জর্জে জেসুস বলেন, এসব খবর সত্যি নয়।
“সে অনুশীলন করতে চায়নি, ঘটনা তা নয়। আজ সে অনুশীলন করবে।
“এটা চতুর্থ দিন, তাই সে অনুশীলন করবে। সে অনুশীলন করার বিষয় প্রত্যাখান করেনি। এটা অসম্ভব। আপনারা এটা বিশ্বাস করেন? ক্রিস এমন নয়।”
তবে আ বোলার খবর, জেসুসের ওই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই মাঠ ছেড়ে চলে যান রোনালদো।
পরে বাংলাদেশ সময় মধ্যরাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে রোনালদো নিশ্চিত করেন, তিনি সত্যিই দল ছেড়ে গেছেন।
“জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা শেষে আমি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।”
নির্দিষ্ট করে কোনো কারণ অবশ্য জানাননি রোনালদো। তবে বলেছেন, পরবর্তীতে জানাবেন তিনি।
“যে জাতীয় দলের জন্য আমি সবসময় নিজেকে উজার করে দিয়েছি, সেই দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছি, তা সময় হলেই আমি পর্তুগালের সবাইকে জানাব।
“এখন সময় পর্তুগাল ও আমার সব সতীর্থদের শুভকামনা জানানোর।”
এবারের আন্তর্জাতিক বিরতিতে মোট চারটি ম্যাচ খেলবে পর্তুগাল। ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা।
ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন রোনালদো। ১-০ গোলে জয়ের ওই ম্যাচে একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। পরে নরওয়ের বিপক্ষে গত ম্যাচে তাকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ। পরে আর মাঠে নামা হয়নি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের। ম্যাচটি ২-১ গোলে জিতে পর্তুগিজরা।
মূলত রোনালদোর ওই বেঞ্চে পুরোটা সময় কাটানোর পর থেকেই সব গুঞ্জনের শুরু এবং এবার অজানা কারণে দল ছেড়ে গেলেন তিনি।
