সাময়িক নিষিদ্ধ রোনালদো
জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘটনায় এই তারকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরুর পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
এফপিএফ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি তাদের ‘ডিসিপ্লিনারি ইনভেস্টিগেশন কমিশন’-এর কাছে পাঠানো হয়েছে।
গত সপ্তাহে ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে পর্তুগালের প্রধান কোচ জর্জে জেজুসের সঙ্গে মতপার্থক্যের জেরে ৪১ বছর বয়সী এই তারকা কোপেনহেগেনে দলের ক্যাম্প ছেড়ে চলে যান।
নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড়ের তালিকায় নাম থাকলেও মাঠে নামার সুযোগ পাননি রোনালদো। জেজুসের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে, দলে তার ভূমিকা নিয়ে কোচ দুবার নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
এফপিএফ জানিয়েছে, পরবর্তী নিষেধাজ্ঞা আরোপের আগে রোনালদোকে প্রাথমিকভাবে স্বয়ংক্রিয় সাময়িক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এবং বিষয়টিকে ‘জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এখনও কোনো চূড়ান্ত শাস্তির ঘোষণা দেওয়া হয়নি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাস্তিমূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য গোপন রাখা হবে।
পর্তুগিজ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্বেচ্ছায় ক্যাম্প থেকে চলে গেলে এক থেকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আর্থিক শাস্তির বিধান রয়েছে এফপিএফের নিয়মে।
নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো এবং সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার ঘটনায় গত মঙ্গলবার ক্ষমা চেয়ে রোনালদো বলেছিলেন, যে কোনো শাস্তিই তিনি মেনে নেবেন এবং এখনও পর্তুগালের হয়ে খেলতে চান।
বিতর্কিত ওই ঘটনার পর শুক্রবার ক্লাবের হয়ে মাঠে ফেরেন রোনালদো এবং সৌদি প্রো লিগের ম্যাচে আল দিরিয়াহর বিপক্ষে আল নাস্রের ৩-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন তিনি, যা তার পেশাদার ক্যারিয়ারের ৯৮০তম গোল।
