২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির বিরুদ্ধে লা লিগার 'বাজার নষ্টের' অভিযোগ

স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ মনে করে, কাতারি মালিকানার ক্লাবটি আইনের বাইরে আর্থিক সুবিধা পাচ্ছে।

পিএসজির বিরুদ্ধে লা লিগার 'বাজার নষ্টের' অভিযোগ

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস (বাঁয়ে) ও পিএসজির দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 05:34 PM

Updated : 13 Aug 2023, 05:44 PM

কাতারি মালিকানার ক্লাব পিএসজির অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে লা লিগা। প্যারিসের ক্লাবটির বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করেছে স্পেনের শীর্ষ লিগ কর্তৃপক্ষ। তাদের দাবি, বড় মাপের সব খেলোয়াড় ও কোচ দলে টানতে আইনের বাইরে গিয়ে খরচ করছে পিএসজি, যা ফুটবলের স্বাভাবিক বাজারকে ক্ষতিগ্রস্ত করছে ফরাসি ক্লাবটি।

নিজেদের লিগ ছাড়াও অন্য দেশের লিগগুলোর নিয়ম কানুন নিয়ে বরাবরই সোচ্চার লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। পিএসজির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তার তো আপত্তির শেষ নেই। আগেও ফরাসি ক্লাবটির দিকে অভিযোগের তীর ছুড়েছেন তিনি। এবার সমালোচনা করলেন আরও কড়া ভাষায়।

গত শনিবার এক বিবৃতিতে প্যারিসের ক্লাবটির বিরুদ্ধে নানারকম অভিযোগ করেছে লা লিগা। সেখানে বলা হয়েছে, কাতার থেকে যে বিশাল অঙ্কের তহবিল পায় পিএসজি, তা দলবদলের বাজারকে নষ্ট করছে এবং সব দলের জন্য ‘প্লেয়িং ফিল্ড’ সমান থাকছে না।

“কাতার থেকে বিদেশি ভর্তুকি পাওয়ায় পিএসজির প্রতিযোগিতামূলক অবস্থান অন্যদের চেয়ে উন্নত হয়েছে, যা বেশ কয়েকটি দেশ ও ইইউ বাজারে উল্লেখযোগ্য অসামঞ্জস্যতা তৈরি করেছে।“

গত বছর উয়েফার কাছে পিএসজি ও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ফিনান্সিয়াল ফেয়ার-প্লে নিয়ম লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছিল লা লিগা।

গত কয়েক বছর ধরে তারকা খেলোয়াড়দের কিনতে কাড়ি কাড়ি অর্থ গুনছে পিএসজি। ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ইউরো দিয়ে তারা দলে টানে নেইমারকে। পরের বছর ১৮ কোটি ইউরো ট্রান্সফার ফিতে দলটিতে যোগ দেন কিলিয়ান এমবাপে।

এছাড়া আরও অনেক বড় বড় খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে তারা। তাদের মধ্যে লিওনেল মেসি ও সের্হিও রামোসদের মতো তারকাদের অবশ্য ফ্রি ট্রান্সফারে পেয়েছিল তারা, তবে তাদের বেতনের পেছনে বছরের পর বছর খরচ করতে হয় অনেক বড় অঙ্কের বেতন।