২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছন্দে ফেরার স্বস্তি ক্লপের

উলভারহ্যাম্পটনকে হারিয়ে পয়েন্ট তালিকার ছয়ে উঠে এসেছে ক্লপের দল লিভারপুল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2023, 10:42 AM

Updated : 02 Mar 2023, 03:48 PM

খুব বেশি দিন হয়নি, পয়েন্ট তালিকার দশ-এগারোয় ঘোরাফেরা করছিল লিভারপুল। সেখান থেকে এখন তারা উঠে এসেছে ছয়ে। শীর্ষ চারে থাকার ফিকে হয়ে আশাও এখন আবার উজ্জ্বল হয়েছে কিছুটা। উলভারহ্যাম্পটনকে হারানোর পর সব মিলিয়ে আবার আশার আলো দেখতে পাচ্ছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

ঘরের মাঠে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারায় উলভারহ্যাম্পটনকে।

জয়টা অবশ্য খুব সহজে আসেনি। ম্যাচের লাগাম হাতে রাখলেও অ্যানফিল্ডে গোলের জন্য লিভারপুলকে অপেক্ষা করতে হয় ৭৩ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত স্বস্তির প্রথম গোলটি এনে দেন ভার্জিল ফন ডাইক। চার মিনিট পর মোহামেদ সালাহর গোলে অনেকটা নিশ্চিত হয়ে যায় জয়।

২৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট এখন ৩৯। সমান পয়েন্ট ফুলহ্যামেরও। তবে গোলপার্থক্যে এগিয়ে লিভারপুল। ম্যাচও একটি কম খেলেছে তারা। ছয় নম্বরে অবস্থান সংহত করার পাশাপাশি আরও ওপরে ওঠার সুযোগও তাদের আছে।

চলতি মৌসুমে ছন্দ পেতে ধুঁকতে থাকা লিভারপুল অবশেষে কিছুটা ধারাবাহিকতা দেখাতে পারছে। এই নিয়ে লিগে টানা চার ম্যাচ অপরাজিত তারা, এর মধ্যে জয় এসেছে তিনটিতে।

উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে গোলের জন্য অনেক লড়তে হলেও শেষ পর্যন্ত ফলাফলে সন্তুষ্ট ক্লপ।

“আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি, যদিও বড় সুযোগ তৈরি করতে পারছিলাম না। তবে ঘুরে দাঁড়িয়ে ছন্দ ফিরে পেয়েছি।”

“অনেক সময় প্রতিপক্ষকে একটু একটু করে কাবু করতে হয়। এমন নয় যে তারা সবসময় ভুল করতে তৈরি থাকে। এখানে, এই ক্লাবে ৪২০ বা এরকম ম্যাচের দায়িত্বে আছি আমি, খুব কম সময়ই এমন হয়েছে।”

এগিয়ে যাওয়ার পালায় পরের ম্যাচেই বড় চ্যালেঞ্জ লিভারপুলের। রোববার তারা মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের। বর্তমান অবস্থার বিচারে ইউনাইটেড মাঠে নামবে ফেভারিট হয়েই। তবে লিভারপুল সহজে ছাড় দেবে না, ঘোষণা দিয়ে রাখলেন ক্লপ।

“এটি অবশ্যই বড় এক ম্যাচ, দারুণ ফর্মে থাকা দলের বিপক্ষে খেলতে হবে। আমাদেরকে প্রস্তুত হতে হবে এবং আমরা ওদেরকে দারুণ লড়াই উপহার দেব।”