দেশের হয়ে খেলতে বিমানবাহিনীর চাকরি ছাড়লেন সুমন রেজা
একই সময়ে জাতীয় দল ও আন্তঃবাহিনী খেলা থাকায় বিপাকে পড়ে যান এই স্ট্রাইকার।
সুমন রেজাকে নিয়ে একরকম কাড়াকাড়িই তৈরি হয়েছিল জাতীয় দল ও বাংলাদেশ বিমানবাহিনীর মধ্যে। জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেও একই সময়ে আন্তঃবাহিনী খেলা থাকায় এই স্ট্রাইকারকে ছাড়তে চাচ্ছিল না তার সংস্থা। সুমন তাই ক্যাম্পে যোগ দিতে চাকরিই ছেড়ে দিলেন।
বিমানবাহিনীর চাকরি ছেড়ে দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সুমন নিজেই। সংস্থাকে পদত্যাগ পত্র দিয়ে রোববার রাত ৮টার দিকে তিনি জাতীয় দলের টিম হোটেলে উঠেছেন।
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। শনি ও রোববার অনুশীলনও হয়েছে দলের।
তবে সংস্থা থেকে ছুটি না মেলায় শুক্রবার ক্যাম্পে রিপোর্ট করেই বিমানবাহিনীতে চলে যান সুমন। ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছিলেন, সামনে আন্তঃবাহিনী খেলা থাকায় সুমনকে সেখানে চায় তার সংস্থা।
জাতীয় দলের দুই ম্যাচের মতো আন্তঃবাহিনীর খেলাও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তবে ২৭ বছর বয়সী এই ফুটবলার নিজে চাচ্ছিলেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে। কিন্তু সংস্থা থেকে অনুমতি না মেলায় পড়ে যান বিপাকে।
“আমি আসলে দেশের জন্য খেলতে চাই। জাতীয় দলের ক্যারিয়ারটা লম্বা করতে চাই। সব ফুটবলারেরই স্বপ্ন জাতীয় দলে খেলা। সেই সুযোগটা যদি নষ্ট হয়ে যায়…। সেই জায়গা থেকেই এই বড় সিদ্ধান্ত নেওয়া।”
“বিমানবাহিনীতে অনেক দিন খেলেছি। দীর্ঘ দিন তাদের সঙ্গে ছিলাম। সেখানেও খেলার ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতিটা এমন, দুইটা এক সাথে চালিয়ে যাওয়া আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই আমাকে বিমানবাহিনীর চাকরিটা ছাড়তে হচ্ছে।”
২০১৪ সালের অক্টোবরে খেলোয়াড় কোটায় বিমানবাহিনীতে যোগ দেন সুমন। উত্তর বারিধারার হয়ে প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করে সুযোগ করে নেন জাতীয় দলে।
গত মৌসুমে বারিধারা ছেড়ে সুমন যোগ দেন দেশের অন্যতম শীর্ষ দল বসুন্ধরা কিংসে। যে দলের হয়ে কিছুদিন আগে জিতেছেন লিগ শিরোপা।
লিগ শেষে ক’দিন ছুটি কাটিয়ে নিজ সংস্থায় ফিরে যান সুমন। এর মধ্যে জাতীয় দলে ডাক আসে। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি মিলছিল না। সুমন জানালেন নিজের অসহায়ত্বের কথা।
“আমি অনুমতির অপেক্ষায় ছিলাম, যে জাতীয় দলে খেলার পাশাপাশি ওটাও চালিয়ে যাব। কিন্তু অনুমতি না পাওয়ায় সিদ্ধান্তটা নেওয়া।”
