দর্শকের চোখে বল মারায় মেদভেদেভকে বহিষ্কার, ফাইনালে জোকোভিচ
চায়না ওপেনের সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছে রুশ তারকা যে পয়েন্ট ও প্রাইজমানি অর্জন করেছিলেন, সেগুলোও এখন হারাবেন।
টেনিস কোর্টে আবারও বিতর্কে জড়ালেন দানিল মেদভেদেভ। নোভাক জোকোভিচের বিপক্ষে চায়না ওপেনের সেমি-ফাইনাল চলাকালীন এক দর্শকের চোখে বল মেরে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হলেন রুশ তারকা।
র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় মেদভেদেভ সোমবারের ম্যাচের দ্বিতীয় সেটে একটি পয়েন্ট হারানোর পর, কোর্টের পেছনের দেয়ালে লেগে ফিরে আসা বল গ্যালারির দিকে মেরে বসেন। বলটি গিয়ে গ্যালারির সামনের সারিতে বসে থাকা এক দর্শকের চোখে আঘাত করে।
ওই দর্শক ব্যথায় বাম চোখ চেপে ধরেন। বেশ কিছুক্ষণ বসে থাকার পর স্টেডিয়ামের কর্মীদের সহায়তায় গ্যালারি থেকে বেরিয়ে যাওয়ার সময়ও তিনি চোখ ধরে রেখেছিলেন এবং তাকে যন্ত্রণাকাতর দেখাচ্ছিল।
আম্পায়ার ও এটিপি-এর একজন কর্মকর্তার সঙ্গে কথা বলার পর জোকোভিচের সঙ্গে করমর্দন করতে নেটের কাছে এগিয়ে যান মেদভেদেভ। ওই সময় ৭-৫, ৫-৩ গেমে এগিয়ে থাকা জোকোভিচ পৌঁছে যান ফাইনালে।
ষষ্ঠ বাছাই জোকোভিচ নিজেও ২০২০ সালের ইউএস ওপেনে একই ধরনের ঘটনার জন্য বহিষ্কৃত হয়েছিলেন। মেদভেদেভের পরিস্থিতি তাই ভালো করেই বুঝতে পারছেন সার্বিয়ান তারকা।
“সত্যি বলতে, আমি হতবাক হয়ে গিয়েছিলাম... আশা করি ওই ব্যক্তি গুরুতর আহত হননি। অন্যদিকে, দানিলের জন্যও খারাপ লাগছে, কারণ বড় কোনো ম্যাচে বহিষ্কৃত হওয়ার অনুভূতি কেমন, তা আমি ভালোভাবেই জানি... আমি নিশ্চিত যে, দানিল ইচ্ছাকৃতভাবে এমনটা করতে চায়নি।”
মেদভেদেভ বলেন, “প্রথমেই ওই দর্শকের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি চাইলে আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আশা করি, সরাসরি দেখা করে ক্ষমা চাইতে পারব এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারব।”
টেনিসে খেলোয়াড়দের বহিষ্কার বা ‘ডিফল্ট’ হওয়ার ঘটনা বিরল; সাধারণত খেলার আচরণবিধি লঙ্ঘন করলেই এমনটা ঘটে।
আচরণবিধি লঙ্ঘনের মধ্যে রয়েছে বলের অপব্যবহার, শারীরিক বা মৌখিক লাঞ্ছনা কিংবা র্যাকেট আছাড় মারা বা ভাঙা। খেলোয়াড়রা সর্বোচ্চ তিনটি ‘কোড ভায়োলেশন’ করতে পারেন, এরপর আরেকটি করলে অযোগ্য ঘোষিত হন; তবে মেদভেদেভের অপরাধটি এতটাই গুরুতর ছিল যে, তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এর ফলে বেইজিংয়ে সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছাতে তিনি যে পয়েন্ট ও প্রাইজমানি পেয়েছিলেন, তা এখন হারাবেন।
৩০ বছর বয়সী এই খেলোয়াড় ক্যারিয়ার জুড়েই কোর্টে আবেগ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়েছেন।
গত বছর ইউএস ওপেনে এক আলোকচিত্রী কোর্টে চলে আসায় মেদভেদেভ মেজাজ হারিয়ে ফেলেন এবং ওই আচরণের জন্য তাকে প্রায় ৩১ হাজার ৫০০ পাউন্ড (৪২ হাজার ৫০০ ডলার) জরিমানা করা হয়।
গত এপ্রিলে মন্টে কার্লো মাস্টার্সে ৬-০, ৬-০ গেমে হারের পর তিনি ক্ষোভে নিজের র্যাকেটটি ভেঙে ফেলেন এবং অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে আবারও জরিমানার মুখে পড়েন।
২০২৫ সালে বিবিসিকে মেদভেদেভ জানান, তিনি কোর্টে নিজের আচরণ সংশোধনের চেষ্টা করছেন।
