সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ করিন্থিয়ান্স সমর্থকের
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রিয় দলের খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনার প্রাণ হারালেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের সাত জন সমর্থক।
ব্রাজিলের প্রদেশ মিনা জেরাইসের সামরিক ফায়ার ব্রিগেড জানিয়েছে, রোববার রাতে সেখানকার একটি মহাসড়কে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রদেশটির রাজধানী বেলো হরিজন্তে এদিন ছিল ব্রাজিলিয়ান সেরি আয় ক্রুজেইরোর বিপক্ষে করিন্থিয়ান্সের ম্যাচ। দুই দলের লড়াই ১-১ সমতায় শেষ হয়। ম্যাচটি দেখে বাসে করে ফিরছিলেন করিন্থিয়ান্সের সমর্থকরা।
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বাসে মোট ৪৩ জন ছিলেন তারা। ফায়ারফাইটারদের মতে, রাত ২টা ৫০ মিনিটের দিকে বাসটি ব্রেক ফেইল করে একটি খাদে পড়ে উল্টে যায়।
ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আহত বাকি ৩৬ জনের মধ্যে ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর তবে জীবন হুমকির মুখে নয়।
করিন্থিয়ান্সের পক্ষ থেকে মারাত্মক এই দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছে ক্লাবটি। ব্রাজিলের অন্যান্য ক্লাবও শোক প্রকাশ করেছে।
