‘এক ম্যাচে এতগুলো সুন্দর গোল আগে কখনও দেখিনি’
দলের গোলগুলো নিয়ে উচ্ছ্বসিত লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
ডি-বক্সের অনেকটা বাইরে থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের দুর্দান্ত ফ্রি-কিক ঠেকাতে ঝাঁপিয়ে পড়লেন ফুলহ্যাম গোলরক্ষক, বল ক্রসবারে লেগে ফিরতি পথে তার পিঠে লেগে পেরিয়ে গেল গোললাইন। আত্মঘাতী। তবে, স্কোরলাইনে গোলটার ধরন যাই দেখাক না কেন, এর সৌন্দর্য্য তাতে একটুও কমছে না। কেবল এটিই নয়, রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে লিভারপুল যে চারবার জালে বল পাঠিয়েছে, তার কোনোটিই কম দৃষ্টিনন্দন নয়।
তাইতো ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ কোনোরকম দ্বিধা ছাড়াই বললেন, “মনে হয় না, আগে আমি এমন কোনো ম্যাচ দেখেছি যেখানে এতগুলো সুন্দর গোল, হয়েছে।”
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার অ্যানফিল্ডে জমজমাট ম্যাচটিতে লিভারপুলের চার গোলের প্রতিটিই দূর থেকে নেওয়া শটে। ৭ গোলের ম্যাচটি ক্লপের দল জেতে ৪-৩ ব্যবধানে।
গোল উৎসবের শুরু ২০তম মিনিটে ওই অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নৈপুণ্য ও কিছুটা ভাগ্যের ছোঁয়ায় পাওয়া গোলে। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের নেওয়া ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরার পর ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনোর গায়ে লেগে জালে জড়ায়। চার মিনিট বাদে হ্যারি উইলসন সমতা টানেন।
৩৮তম মিনিটে আরেকটি দূরপাল্লার শটে ফের লিভারপুলকে লিড এনে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের। তাদের এই আনন্দও টেকেনি বেশিক্ষণ। প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ২-২ করেন কেনি টেটে।
দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ৮০তম মিনিটে জ্যামাইকান ফরোয়ার্ড ববি ডি করডোভা-রেইড ফুলহ্যামকে প্রথমবারের মতো এগিয়ে দেন। কিন্তু নাটকীয়তার তখনও ঢের বাকি ছিল।
পরপর দুই মিনিটে আরও দুটি বুলেট গতির শটে জয় পায় লিভারপুল। ৮৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জাপানিজ মিডফিল্ডার ওয়াতারু এন্দো সমতা টানার পর বক্সের মুখ থেকে ডান পায়ের শটে দলকে উল্লাসে ভাসান অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।
এমন শ্বাসরুদ্ধকর এক জয়ে লিভারপুল কোচ-খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের চোখে-মুখে সে কী আনন্দ। ক্লপের উচ্ছ্বাসের মাত্রা আরও বেশি ছিল গোলগুলোর ধরনে। বিবিসির ‘ম্যাচ অব দা ডে’- তে সেই আনন্দের কথাই বললেন তিনি।
“আজ আমরা চারটি খুব চমৎকার গোল করেছি এবং সৌভাগ্যবশত শেষপর্যন্ত আমরা জিতেছি…সত্যি বলতে এক ম্যাচে এত সুন্দর চারটি গোল, আমি আগে দেখিনি।”
ফুলহ্যাম কোচ মার্কো সিলভাও কম বিস্মিত নন।
“প্রতিবার প্রতিটি গোলই ছিল দুর্দান্ত। সাধারণত এমনটা দেখা যায় না। তারা দূর থেকে চারটি গোল করেছে।”
নিজের নামের পাশে প্রথম গোলটি যুক্ত না হলেও তাতে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের খুশির মাত্রা একটুও কমছে না। বিবিসির সঙ্গে আলাপকালে এ নিয়ে মজাও করলেন এই ইংলিশ ডিফেন্ডার।
“টেকনিক্যালি আমি দুই গোল করিনি, কিন্তু এর দাবি করব। যখন কোনো ফ্রি-কিকে বল ক্রসবারে লেগে ফেরার পরও ঠিকানা খুঁজে পায়, তখন তা দারুণ ব্যাপার হয়। নিজেকে আমি বলতেই পারি, দারুণ একটা গোল।”
গোলটা শেষ পর্যন্ত লেনোর আত্মঘাতী হিসেবে লেখা হলেও লিভারপুলের সাবেক ফুল-ব্যাক স্টিফেন ওয়ারনক ঘোষণাই করে দিয়েছেন, “এই মৌসুমের সেরা ফ্রি-কিকগুলোর একটি।”
