২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ

উইম্বলডনে পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়া থেকে আর একটি জয় দূরে সার্বিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2023, 10:10 PM

Updated : 14 Jul 2023, 10:46 PM

আরেকটি দাপুটে জয়ে উইম্বলডনের শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। ইতালির তরুণ ইয়ানিক সিনারকে সরাসরি সেটে হারিয়ে টানা পঞ্চমবারের মতো বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন সার্বিয়ান তারকা।

সেন্টার কোর্টে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে অষ্টম বাছাই সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারান দ্বিতীয় বাছাই জোকোভিচ।

এই নিয়ে রেকর্ড ৩৫তম বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ৩৬ বছর বয়সী তারকা। ছাড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্টকে।

পুরুষ এককে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ উইম্বলডনে জিতলেন টানা ৩৪ ম্যাচ, সেন্টার কোর্টে জিতলেন টানা ৪৪ ম্যাচ। ২০১৭ সালের আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর গ্রাস কোর্টের এই টুর্নামেন্টে কোনো ম্যাচ তিনি হারেননি। ২০১৮ থেকে চারবার জিতেছেন শিরোপা। মাঝে ২০২০ আসর হয়নি কোভিডের কারণে।

আর একটি জয় পেলেই উইম্বলডনে পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ আট শিরোপা জয়ের রেকর্ড স্পর্শ করবেন তিনি। সেই লক্ষ্যে আগামী রোববার ফাইনালে খেলবেন স্পেনের কার্লোস আলকারাস অথবা রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে।