২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জার্মানির ম্যাচ দেখলে বিশ্বকাপে খেলার ইচ্ছা জাগবে'

জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই টনি ক্রুসের৷

'জার্মানির ম্যাচ দেখলে বিশ্বকাপে খেলার ইচ্ছা জাগবে'

ছবি : রিয়াল মাদ্রিদ  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 11:15 PM

Updated : 02 Nov 2022, 11:31 PM

বয়স কেবল ৩২, রিয়াল মাদ্রিদের হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন টনি ক্রুস। তবে জাতীয় দলে পথচলার ইতি টেনে দিয়েছেন এক বছরের বেশি সময় আগে। কদিন বাদেই শুরু হবে কাতার বিশ্বকাপ। বিশ্ব মঞ্চে পুরনো সতীর্থদের মাঠে দেখলে নিজেরও খেলতে মন চাইবে, বললেন জার্মানির সাবেক মিডফিল্ডার। 

ইউরো ২০২০-এ শেষ ষোলো থেকে জার্মানির বিদায়ের পর অনেকটা আচমকাই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ক্রুস। কারণ হিসেবে বলেছিলেন, কাতার বিশ্বকাপে তিনি নিজেকে দেখছেন না বলেই এই সিদ্ধান্ত।

হটস্টার প্লাসের অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’য় রিয়াল মাদ্রিদ, ফ্লোরন্তিনো পেরেস, পেপ গুয়ার্দিওলা, জাতীয় দল-আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন ক্রুস। ওই বিশদ সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশিত হয়েছে বুধবার। পুরো সাক্ষাৎকার প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার।

আসছে কাতার বিশ্বকাপ নিয়েও কথা বলেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্রুস। বিশ্ব সেরার মঞ্চে থাকতে না পারায় কিছুটা আক্ষেপও ঝরে পড়ল তার কণ্ঠে।

“আমি বিশ্বকাপে থাকব না। তবে আমি নিশ্চিত যে যখন আমি জার্মানিতে বসে দলের খেলা দেখব, তখন আমারও মন চাইবে খেলতে। তবে আমি নিজেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পরে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

“এর কারণ প্রথমত আমার পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো। দ্বিতীয়ত, দলে এখন এমন খেলোয়াড় আছে যারা আরও বেশি খেলার যোগ্য। আর আমি চাইনি, এমন সময় আসুক যখন তারা আমাকে দল থেকে ছুড়ে ফেলবে। আমি সবসময় পূর্ণ শক্তিতে চালিয়ে যেতে চাই এবং এখন আমার কাছে সবার আগে।”

২০১০ সালে অভিষেকের পর জার্মানির হয়ে ১০৬টি ম্যাচ খেলেছিলেন ক্রুস।